কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী ২৭ জুলাই থেকে ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার সকাল ৬টা থেকেই মেট্রো চলাচল শুরু হবে। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়। দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।
ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়। একই সময়ে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটেও পরিষেবা শুরু হবে। দুই লাইনেই শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। রবিবার ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত দুই লাইনের সব স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে।
অতিরিক্ত যাত্রী পরিষেবা নিশ্চিত করতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সোমবার থেকে শনিবার ব্লু লাইনে ১২টি এবং রবিবার ৬টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। গ্রিন লাইনেও একইভাবে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কোভিড-পরবর্তী সময়ে মেট্রো পরিষেবার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ৫০ মিনিটে। গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে ছাড়ে। ফলে পরিষেবার সময় বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন যাত্রীরা। সেই দাবি মেনেই এবার পরিষেবার সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করল মেট্রো কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্তে প্রতিদিনের যাতায়াতে সুবিধা হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা।
Leave a Comment