---Advertisement---

ব্যাংকক থেকে কলকাতায় ‘মলি’ পাচার, গ্রেফতার ২

By Suman Debnath

July 22, 2026 6:20 PM

ব্যাংকক থেকে কলকাতায় ‘মলি’ পাচার, গ্রেফতার ২

---Advertisement---


ট্যাবলেটের আকারে থাকলে তার নাম ‘এক্সট্যাসি’। আর দানাদার বা স্ফটিক আকারে থাকলে তাকে বলা হয় ‘মলি’। মারাত্মক এই বিদেশি মাদকের রাসায়নিক নাম এমডিএমএ।

কয়েকদিন আগেই  এই বিদেশি মাদক পাচার করে কলকাতায় আনা হয়েছিল। লক্ষ্য ছিল শহরের বিভিন্ন রেভ পার্টি। কিন্তু পাচারের আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) জালে ধরা পড়লেন থাইল্যান্ডের দুই মহিলা। পর্যটক সেজে কলকাতায় এসে মাদক পাচারের চেষ্টা করতে গিয়েই এসটিএফের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন ব্যাংককের বাসিন্দা ওই দুই মহিলা।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম সুপাওয়াদি সুকুলিয়াত এবং সুথুওয়ানা কুট। বিদেশি মাদক পাচারের উদ্দেশ্যেই তাঁরা পর্যটন ভিসা নিয়ে ব্যাংকক থেকে বিমানে কলকাতায় এসেছিলেন। মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে তাঁরা দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় যান। ভবানীপুরের একটি হোটেলে ওঠার পরিকল্পনা ছিল তাঁদের। এদিন সকালে সেখানেই হানা দেন এসটিএফের গোয়েন্দারা। দুই বিদেশিনীর পোশাক তল্লাশি করে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ‘মলি’ নামের মাদক। উদ্ধার হওয়া প্রায় ২০ গ্রাম মাদকের বাজারমূল্য এক লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এসটিএফের কাছে তথ্য আসছিল যে ব্যাংকক থেকে কলকাতায় মাদক পাচার করা হচ্ছে। সপ্তাহান্তে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত রেভ পার্টিতে যাতায়াতকারী কিছু যুবক-যুবতীর মধ্যে এক্সট্যাসি বা মলি (এমডিএমএ), এলএসডি এবং কোকেনের মতো বিদেশি মাদকের ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণত ডার্ক ওয়েব অথবা গোপন এজেন্টদের মাধ্যমে বিদেশি মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে কলকাতার কিছু স্থানীয় এজেন্টও জড়িত থাকতে পারে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment