---Advertisement---

ধলাইয়ে ভুয়ো চিকিৎসকের প্রতিষ্ঠানে স্বাস্থ্য দফতরের অভিযান

By Suman Debnath

July 22, 2026 11:40 AM

ধলাইয়ে ভুয়ো চিকিৎসকের প্রতিষ্ঠানে স্বাস্থ্য দফতরের অভিযান

---Advertisement---


বরাক তরঙ্গ, ২২ জুলাই : দুই বছরের এক শিশুকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের দ্বিগুণ মাত্রা (ডাবল ডোজ) প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ধলাই থানা এলাকার ভাগা বাজারে এক ব্যক্তির চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়েছে স্বাস্থ্য দফতর। অভিযুক্ত এল প্রতাপ সিনহা ওরফে দরেন সিনহার বিরুদ্ধে প্রয়োজনীয় চিকিৎসা-যোগ্যতা ছাড়াই রোগী দেখার অভিযোগও উঠেছে।

জানা গেছে, কয়েক দিন আগে অসুস্থ দুই বছরের এক শিশুকে ভাগা বাজারের মণিপুরি মার্কেটে অবস্থিত ‘ডাঃ সুরজিৎ সিনহা মেমোরিয়াল হেলথ কেয়ার মেডিকোস’-এ নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে চিকিৎসার সময় শিশুটিকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের দ্বিগুণ মাত্রা দেওয়া হয়। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ভাগা উপ-স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ধলাই হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসার পর শিশুটির অবস্থার উন্নতি হয় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:  বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

ঘটনার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসে। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের নির্দেশে মঙ্গলবার একটি তদন্তকারী দল অভিযুক্তের প্রতিষ্ঠানে পৌঁছে তদন্ত চালায়। দলে ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক ডাঃ শ্রীময়ী সিকদার, বিভাগীয় কর্মী সৈকত চক্রবর্তী এবং ভাগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট সেরাব উদ্দিন আহমদ।

ডাঃ শ্রীময়ী সিকদার জানান, স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ছাড়াই রোগী দেখার অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। অভিযুক্ত প্রতাপ সিনহা জিজ্ঞাসাবাদের সময় রোগী দেখার বিষয়টি স্বীকার করেছেন। তদন্তকারী দল তাঁর জবানবন্দি রেকর্ড করেছে এবং তদন্তের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

অভিযানের সময় প্রতিষ্ঠানের দ্বিতলায় একাধিক বেড ও স্যালাইন স্ট্যান্ডও দেখতে পান তদন্তকারীরা। অন্যদিকে, ফার্মাসিস্ট সেরাব উদ্দিন আহমদ জানান, অভিযুক্তের চিকিৎসার পর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে ভাগা উপ-স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ধলাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তবে অভিযোগের সত্যতা ও চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

আরও পড়ুন:  শিলং-এ ভাঙা হবে বিধান রায়ের বাড়ি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment