---Advertisement---

বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা!

By Suman Debnath

January 12, 2026 12:43 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ১২ জানুয়ারী ২০২৬, সোমবার : ভারতীয় নবজাগরণের দীপশিখা স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার তেলিয়ামুড়া শহর যেন পরিণত হয়েছিল ভাবনা, শ্রদ্ধা ও সংস্কৃতির মিলনক্ষেত্রে। গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালন করা হয় তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে।
সকালবেলায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজির মর্মর মূর্তিতে মাল্যদান, পূজা-অর্চনা ও অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বামী বিবেকানন্দের ত্যাগ, মানবপ্রেম, আত্মবিশ্বাস ও জাতি গঠনের দর্শন স্মরণ করে বক্তারা তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
শ্রদ্ধানুষ্ঠান শেষে শহরজুড়ে বের হয় এক ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় ৭৫ বছরের পুরনো এই শোভাযাত্রায় অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা। সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ এই শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, আর ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা তেলিয়ামুড়া।
শোভাযাত্রায় ছাত্র-ছাত্রীদের পরিবেশিত দেশাত্মবোধক স্লোগান, সচেতনতামূলক বার্তা, কীর্তন, গীতা পাঠ, বিহু নৃত্য ও মকর সংক্রান্তি উপলক্ষে লুট কীর্তন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের ঐক্য, সংহতি ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথাও তুলে ধরা হয় নানা উপস্থাপনায়।
সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ, সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল প্রকাশ ও সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই আয়োজনের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম ও মানবসেবার চেতনাই যেন নতুন করে প্রাণ পেল—এমনটাই অভিমত তেলিয়ামুড়াবাসীর।

আরও পড়ুন:  Sabroom Girls HS schooler আবাসিক ছাত্রীরা প্রকাশ করল দেওয়াল পত্রিকা : “বাল্যবিবাহ মুক্ত ভারত” শপথে শিক্ষার পক্ষে জোরালো বার্তা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment