রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বাড়াতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। পিএম শ্রী প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি স্কুলকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ২৩টি জেলায় স্কুল চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত মোট ১২,৩০০টি স্কুল এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১,৬৬১টি স্কুল নির্বাচন করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে ১,৩৮২টি স্কুল, আর মুর্শিদাবাদে ১,০৭৫টি স্কুল এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু নতুন স্কুল নয়, রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই তালিকায় রাখা হয়েছে।
প্রকল্পের মাধ্যমে স্কুলগুলিতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, উন্নত শিক্ষাসামগ্রী, স্মার্ট পরিকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, রাজ্যের সরকারি স্কুলগুলিকে ধাপে ধাপে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।
উল্লেখ্য, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী সরকারি স্কুলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩,৭১৫টি, যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কমে দাঁড়িয়েছে ৯২,৮০০-তে। অর্থাৎ মাত্র এক বছরের মধ্যে ৯১৫টি সরকারি স্কুলের অস্তিত্ব কার্যত হারিয়ে গিয়েছে।
পূর্ববর্তী সরকারের আমলে সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষার মান নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই পরিস্থিতি বদলে সরকারি শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতেই পিএম শ্রী প্রকল্পকে হাতিয়ার করতে চাইছে বর্তমান সরকার। নির্বাচিত স্কুলগুলিতে আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার পরিবেশ ও পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে রাজ্য।
Leave a Comment