---Advertisement---

জয়ের উল্লাসেই বিতর্ক! ফকল্যান্ড ব্যানার হাতে আর্জেন্টিনা, ফিফার শাস্তির মুখে মেসিরা?

By Suman Debnath

July 16, 2026 10:15 AM

জয়ের উল্লাসেই বিতর্ক! ফকল্যান্ড ব্যানার হাতে আর্জেন্টিনা, ফিফার শাস্তির মুখে মেসিরা?

---Advertisement---


বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের উল্লাসের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন লিওনেল মেসিদের সতীর্থরা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় যা ‘মালভিনাস’ নামে পরিচিত) নিয়ে রাজনৈতিক বার্তা-সম্বলিত একটি ব্যানার মাঠে প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সেলিব্রেশনের সময় আর্জেন্টিনার ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসোকে একটি ব্যানার হাতে দেখা যায়। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, “Las Malvinas Son Argentinas”, যার বাংলা অর্থ, “মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার।” ব্যানারটি মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং ব্রিটেনের দীর্ঘদিনের সার্বভৌমত্ব-সংক্রান্ত বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। বর্তমানে দ্বীপপুঞ্জটি ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এখনও এর উপর দাবি জানিয়ে আসছে। ফলে ইংল্যান্ডকে হারানোর পর এই ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Photo: X

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, মাঠে বা ম্যাচ-সংক্রান্ত অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। সেই নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল সংস্থা বা সংশ্লিষ্ট ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। যদিও এখনও এ বিষয়ে ফিফা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বিশ্বকাপে এটিই প্রথম বিতর্ক নয়। রেফারিং নিয়ে প্রশ্ন, ম্যাচ-পরবর্তী হাতাহাতি এবং এবার রাজনৈতিক ব্যানার—সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনালের আগে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। তবে এই বিতর্ক তাদের মাঠের সাফল্যে কোনও প্রভাব ফেলেনি। নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। এবার খেতাবের লড়াইয়ে তাদের সামনে স্পেন। যা জিততে পারলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নয়া নজির গড়বেন মেসিরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment