আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি।
জিবি হাসপাতালে আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, গত ৮ জুলাই আগরতলার প্রতাপগড়ের ২৬ নম্বর ওয়ার্ডের এক বিজেপি সমর্থক অটোচালকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, এই হামলার সঙ্গে এলাকার এক সিপিআই(এম) কর্মী জড়িত। গুরুতর আহত ওই অটোচালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমা ভৌমিক বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে একজন সাধারণ অটোচালকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দলীয় কর্মীদের উদ্দেশে প্রতিমা ভৌমিক বলেন, “বিজেপির কার্যকর্তারা অনাথ নন। তাঁদের পাশে তাঁদের দিদি প্রতিমা ভৌমিক রয়েছেন।” একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার আহ্বান জানান।
Leave a Comment