আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে উৎসব উদযাপন করা হবে।
রথযাত্রার শুভ উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং সাংসদ রাজীব ভট্টাচার্য।
রথযাত্রার পর রথটি পরবর্তী সাত দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবে। এই সময় সেখানে রথের মেলা, ধর্মীয় নাট্যাভিনয়, ভজন, কীর্তন, নৃত্যানুষ্ঠানসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছে ইসকন হরেকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ।
আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। ওইদিনের সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উল্টো রথযাত্রার মধ্য দিয়েই এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
Leave a Comment