যশপাল সিং, ত্রিপুরা, ১৭ ডিসেম্বর, বুধবার: খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। অভিযোগ, নিজের পিতার ধারালো অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন হল মাত্র সাত বছরের শিশু কন্যা আখি দেবনাথ। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত শিশুর দাদু জানান, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। বাজার থেকে ফিরে এসে নাতনিকে ঘরে না পেয়ে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির একটি ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আখি দেবনাথের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তখনই বিষয়টি স্পষ্ট হয় যে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ঘটে। ঘটনার পর থেকেই শিশুটির বাবা আশীষ দেবনাথ পলাতক। মৃত শিশুর দাদুর অভিযোগ, তার ছেলে আশীষ দেবনাথই নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, আশীষ দেবনাথ মানসিকভাবে অসুস্থ।
পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুর মা সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পিতার সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা পশ্চিম সোনাতলা এলাকা স্তব্ধ হয়ে গেছে। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
Leave a Comment