বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জুলাই || সদ্য দায়িত্বপ্রাপ্ত শান্তিরবাজার মহকুমাশাসক তরুণ কান্তি সরকার বৃহস্পতিবার মহকুমাশাসকের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যতামূলক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে মহকুমার সার্বিক উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় মহকুমাশাসক বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ, দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় আগামী দিনে শান্তিরবাজার শহরসহ মহকুমার বিভিন্ন এলাকায় কীভাবে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। মহকুমাশাসক জানান, সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শান্তিরবাজারকে আরও উন্নত ও জনবান্ধব মহকুমা হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, তরুণ কান্তি সরকার এর আগে যেসব কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন, সেখানে সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। ফলে শান্তিরবাজারের বাসিন্দাদের মধ্যেও তাঁর নেতৃত্বে মহকুমার উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ তৈরি হয়েছে।
সভা শেষে মহকুমাশাসক পুনরায় আশ্বস্ত করেন, মহকুমাশাসকের কার্যালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল নাগরিককে প্রয়োজনীয় সরকারি পরিষেবা প্রদান করা হবে।
Leave a Comment