---Advertisement---

জাতীয় মৎস্যচাষী দিবসে শান্তিরবাজারে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির ও কর্মশালা

By Suman Debnath

July 11, 2026 12:40 AM

জাতীয় মৎস্যচাষী দিবসে শান্তিরবাজারে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির ও কর্মশালা

---Advertisement---


বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জুলাই || জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষের ওপর একদিনের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার শান্তির বাজারের মুকুট অডিটরিয়ামে আয়োজিত এই কর্মশালায় এলাকার মৎস্যচাষীদের স্বনির্ভর ও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছচাষে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিএসসির চেয়ারম্যান অশোক মগ, শান্তির বাজার পুরপরিষদের কাউন্সিলর শ্যামলাল দেবনাথ ও রাজীব চক্রবর্তী, মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রাজ্য সরকার ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্যচাষীদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন জোলাইবাড়ী ব্লক, বগাফা ব্লক এবং শান্তির বাজার পুরপরিষদ এলাকা থেকে নির্বাচিত তিনজন সফল মৎস্যচাষীকে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছচাষ সম্পর্কে মৎস্যচাষীদের সচেতন ও দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় উপস্থিত মৎস্যচাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রশিক্ষণ চলাকালীন তাঁরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন তুলে বাস্তবভিত্তিক পরামর্শ গ্রহণ করেন, যা তাঁদের ভবিষ্যৎ মৎস্যচাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের অভিমত।

আরও পড়ুন:  পিলাক উৎসব শেষ হতেই উৎসবকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠছে।

This entry was posted in ত্রিপুরা by santanu99. Bookmark the permalink.

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment