---Advertisement---

‘কুকুরও কথা শোনে না’, ফড়ণবীসের মন্তব্যে মহারাষ্ট্রে তুমুল রাজনৈতিক ঝড়

By Suman Debnath

July 10, 2026 3:35 PM

‘কুকুরও কথা শোনে না’, ফড়ণবীসের মন্তব্যে মহারাষ্ট্রে তুমুল রাজনৈতিক ঝড়

---Advertisement---





মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ের বহুল আলোচিত ‘মিসিং লিঙ্ক’ প্রকল্প নিয়ে প্রশ্নের জেরে মহারাষ্ট্রের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এমন কিছু মন্তব্য করেছেন, যাকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। শুধু কংগ্রেস বা উদ্ধব ঠাকরের শিবসেনাই নয়, এবার তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস প্রধান রাজ ঠাকরেও।

সম্প্রতি ভারী বৃষ্টির পর প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি ‘মিসিং লিঙ্ক’ করিডরের একাধিক জায়গায় ধস নামে। নিরাপত্তার স্বার্থে প্রায় ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখতে হয়। এই ঘটনায় প্রকল্পটির গুণমান এবং নির্মাণকাজে গাফিলতির অভিযোগ তোলে বিরোধীরা। বিধানসভাতেও বিষয়টি নিয়ে সরকারের কাছে জবাব চাওয়া হয়।

জবাবে ফড়ণবীস বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, কিছু মানুষ এবং ‘ভাড়াটে ট্রোল’ সমাজমাধ্যমে মিথ্যা ছড়িয়ে মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের কথা এখন ‘কুকুরও শোনে না’, তাই তারা শুধু সমাজমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি ‘মিথ্যাবাদী’, ‘দেশদ্রোহী’ ও ‘ভাড়াটে টাট্টু’ বলেও কটাক্ষ করেন তিনি। এমনকি মহারাষ্ট্রকে অপমান করার চেষ্টা হলে কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। 

আরও পড়ুন:  যোগ গোটা বিশ্বকে এক করেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদির!

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ ঠাকরে। তাঁর প্রশ্ন, সরকারি প্রকল্পের ত্রুটি নিয়ে প্রশ্ন তুললেই কীভাবে মহারাষ্ট্রকে অপমান করা হয় ? একইসঙ্গে তিনি বলেন, সরকারের সমালোচনা মানেই রাজ্যের বিরোধিতা নয়। অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ করেন তিনি।তিনি বলেন, চুরি নিয়ে প্রশ্ন তোলা ধর্মের অপমান নয়।

তিনি আরও বলেন, ১৫ জন ট্রাস্টির মধ্যে ১২ জনকে কেন্দ্র নিয়োগ করেছিল এবং তারা আরএসএস, ভিএইচপি ও বিজেপির সঙ্গে যুক্ত। তাঁর কথায়, ‘রাম মন্দিরের প্রতি আমাদেরও বিশ্বাস আছে। কিন্তু যখন সেখান থেকে ১,৪০০ কোটি টাকা গায়েব হয়ে যায়, তখন কি আমরা কথা বলব না ?  এই দেশে হিন্দু ভক্তদের ভক্তি ভরে ঈশ্বরকে নিবেদন করা অর্থ আত্মসাৎ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কি আপনারা আমাদের ধর্মবিরোধী বলে আখ্যা দেবেন ?’

আরও পড়ুন:  তাজমহল কি আসলে ‘তেজো মহালয়’? কেন্দ্র ও ASI-কে হলফনামার নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

উদ্ধব শিবসেনার নেতা সঞ্জয় রাউতও সমাজমাধ্যমে ফড়ণবীসকে নিশানা করে প্রশ্ন তুলেছেন, মহারাষ্ট্রে কি জরুরি অবস্থা চলছে ? তাঁর অভিযোগ, দুর্নীতি, লুটপাট ও ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাঁকে চুপ করানোর চেষ্টা করছে সরকার।

চলতি সপ্তাহের শুরুতেই মুম্বাই-পুনে ঘাট সেকশনে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়, যা রেল ও সড়ক উভয় যোগাযোগই ব্যাহত করে। সেই ঘটনা থেকেই এই বিতর্কের সূত্রপাত। মিসিং লিঙ্ক টানেলের কাছে এই ভূমিধসের কারণে যান চলাচল স্থগিত করা হয় এবং একটানা বৃষ্টির মধ্যে পুনরুদ্ধারের কাজ চলতে থাকায় বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment