আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে কেন্দ্র করে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাঁর দাবি, এই তহবিল এখন কার্যত শাসক দলের স্বার্থে ব্যবহৃত হচ্ছে এবং এটি আর নিরপেক্ষ ত্রাণ তহবিল হিসেবে কাজ করছে না।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচন-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুধুমাত্র বিজেপি কর্মীদেরই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে তিনি পক্ষপাতদুষ্ট ও অনৈতিক বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, ত্রিপুরা-তে রাজনৈতিক হিংসা নতুন ঘটনা নয়; অতীতেও কংগ্রেস ও সিপিআই(এম)-এর বহু কর্মী হামলার শিকার হয়েছেন, কিন্তু তাঁদের ক্ষেত্রে একই ধরনের সহায়তা দেওয়া হয়নি।
এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব হলেও তা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড আসলে সকলের—শাসক দল, বিরোধী দল এবং সাধারণ মানুষের। তাই এই তহবিল কোনোভাবেই দলীয় বা নির্বাচনী স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তহবিল বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সমানভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।









Leave a Comment