ত্রিপুরা টিভি | ধর্মনগর, ৫ ডিসেম্বর: রাজবাড়ী এলাকার ভি মার্ট শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার এক সচেতন ক্রেতা দোকান থেকে কেনা খেজুরের প্যাকেট খুলে দেখেন পণ্যটি সম্পূর্ণ নষ্ট। পরে প্যাকেটের লেবেল পরীক্ষা করে তিনি জানতে পারেন—পণ্যের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে।
অভিযোগকারী পুনরায় ভি মার্টে গিয়ে একই ধরনের অন্য প্যাকেটগুলো পরীক্ষা করলে অধিকাংশই মেয়াদোত্তীর্ণ বলে ধরা পড়ে। শুধু খেজুর নয়, মলের বিভিন্ন সেকশনেও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ছিল বলে তার অভিযোগ।
এ ঘটনায় শপিং মলের কর্মীদের সঙ্গে তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগকারীর বক্তব্য—“এত বড় ব্র্যান্ডের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এতে সাধারণ মানুষের গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।”
ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি—গ্রাহকদের আস্থা বজায় রাখতে বড় ব্র্যান্ডগুলোর স্টক ম্যানেজমেন্ট আরও কঠোর করা প্রয়োজন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভি মার্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রেতাদের উদ্দেশে অভিযোগকারীর পরামর্শ—যেকোনো পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ অবশ্যই যাচাই করুন।








Leave a Comment