‘সংবিধান খতরে মে হ্যায়’—২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই স্লোগানকে হাতিয়ার করেই বিজেপিকে চাপে ফেলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সংবিধান রক্ষার প্রশ্নেই কংগ্রেস-সহ বিরোধীদের পালটা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত এক নিবন্ধে কংগ্রেসের বিরুদ্ধে সংবিধানকে দুর্বল করার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ক্ষমতার স্বার্থে সংবিধানের মূল চেতনাকে বারবার আঘাত করেছে কংগ্রেস।
প্রধানমন্ত্রীর অভিযোগ, ওবিসিদের জন্য সংবিধানপ্রদত্ত সংরক্ষণের সুযোগ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চায় কংগ্রেস।নিবন্ধে তিনি লিখেছেন, দেশের প্রধান বিরোধী দল ওবিসিদের সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চাইছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, সংবিধান প্রণেতারা এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। বিশেষ করে সংবিধানের অন্যতম প্রধান রূপকার ডঃ বি আর আম্বেদকর এর ঘোর বিরোধী ছিলেন।
তবে প্রধানমন্ত্রীর এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। কংগ্রেস বা বিরোধীরা ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালুর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।যদিও কর্নাটক ও তামিলনাড়ুর মতো রাজ্যে মুসলিম সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু গোষ্ঠী অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা ওবিসি সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে। এই ব্যবস্থাকে কেন্দ্র করেই অতীতে একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালুর অভিযোগ তুলেছেন মোদি।
এদিন শুধু সংরক্ষণ ইস্যুতেই নয়, সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা এখন আর নিজেদের দায়িত্বশীল বিরোধী পক্ষ হিসেবে তুলে ধরতে পারছে না। বরং তারা ‘বিরোধ পক্ষ’ থেকে ‘অবরোধ পক্ষ’-এ পরিণত হয়েছে।মোদির বক্তব্য, সংসদে বিক্ষোভ ও বাধা সৃষ্টি করে গণতান্ত্রিক আলোচনার পরিবেশ নষ্ট করা কোনওভাবেই সুস্থ গণতন্ত্রের পরিচয় হতে পারে না।
মহিলা সংরক্ষণ আইন নিয়েও বিরোধীদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ আটকে দিয়ে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করেছে। একই সঙ্গে তাঁর ঘোষণা, যে কোনও পরিস্থিতিতে মহিলাদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সব মিলিয়ে সংবিধান দিবসকে কেন্দ্র করে সংরক্ষণ, মহিলা ক্ষমতায়ন এবং সংসদে বিরোধীদের ভূমিকা—একাধিক ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Leave a Comment