বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে এক পুলিশকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। ব্যারাকের দোতলার একটি ঘর থেকে সঞ্জয়কে তাঁর সহকর্মীরা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, সঞ্জয় পুলিশের গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। বাঁশদ্রোণী থানার পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন তিনি। পুলিশ আধিকারিকদের গাড়ি ও অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়ি চালাতেন সঞ্জয়। দোলতলাতে তাঁর বাড়ি হলেও তিনি ব্যারাকেই অধিকাংশ সময় থাকতেন। বুধবার রাতেও তিনি ব্যারাকেই ছিলেন। তাঁর অন্যান্য সহকর্মীরা রাতে কাজে বেরিয়ে গিয়েছিলেন।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে অন্য পুলিশকর্মীরা গিয়ে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। থানার বাকি আধিকারিকদেরও বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
জানা গিয়েছে, সঞ্জয়ের মোবাইলটি লক করা। সেটি ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। সেই ফোন থেকে তথ্য নিয়ে রহস্যমৃত্যুর কিনারা করতে চান তদন্তকারীরা। বুধবার রাতে সঞ্জয়ের সঙ্গে কারও কোনও কথা বা বিবাদ হয়েছিল কি না, কোনও ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা চলছিল কি না, সেইসব দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ব্যারাকে রাতের পরিস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন: ৪৫০ কর্মী-সমর্থক নিয়ে সভা, শর্তসাপেক্ষে এসইউসিআইকে অনুমতি হাইকোর্টের
জানা গিয়েছে, সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জয় আত্মঘাতী হয়েছেন। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, পুলিশ তাও তদন্ত করে দেখছে। পুলিশের তরফে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর ধরন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
Leave a Comment