নেটদুনিয়ায় নজর কাড়ল ১৮ বছরের তরুণ! ভোটার তালিকা সার্চযোগ্য করে নির্বাচন কমিশনের কাজ সহজ করলেন রাঁচির সার্থক

By Suman Debnath

November 25, 2026 4:25 PM

নেটদুনিয়ায় নজর কাড়ল ১৮ বছরের তরুণ! ভোটার তালিকা সার্চযোগ্য করে নির্বাচন কমিশনের কাজ সহজ করলেন রাঁচির সার্থক


কোনও তথ্য প্রকাশ্যে থাকা আর সেই তথ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা-দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। বিশেষ করে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন দেশে লক্ষ লক্ষ মানুষ ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজছেন, তখন সেই পার্থক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্ক্যান করা পিডিএফের পাতার পর পাতা ঘেঁটে নিজের নাম খোঁজার বদলে কয়েক সেকেন্ডের মধ্যে তথ্য পাওয়া যাবে। এতে সাধারণ মানুষের হয়রানিও অনেকটাই কমবে।আর এই কাজ করে দেখিয়েছেন রাঁচির ১৮ বছরের এথিক্যাল হ্যাকার সার্থক সিদ্ধান্ত।

এর আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর অন স্ক্রিন মার্কিং পদ্ধতিতে একাধিক অসঙ্গতি সামনে এনে নজর কেড়েছিলেন সার্থক। এ বার তাঁর নজর পড়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকার উপর। উত্তরপ্রদেশের প্রায় ৬.৮ লক্ষ পিডিএফ ফাইল ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত করে সেগুলিকে সার্চযোগ্য করে তুলেছেন সার্থক ও তাঁর দল। মঙ্গলবার, ২৪ নভেম্বর সমাজমাধ্যমে এই উদ্যোগের কথা জানান সার্থক। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসবা কেন্দ্রের মোট ৫৪.৮ কোটি ভোটার-সংক্রান্ত তথ্যকে একটি সুসংগঠিত ডেটাবেসে রূপান্তরিত করা হয়েছে।

নির্বাচন কমিশন আগে থেকেই ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করেছিল। কিন্তু তার অধিকাংশই ছিল স্ক্যান করা পিডিএফ। ফলে নির্দিষ্ট কোনও ভোটারের নাম খুঁজতে হলে সংশ্লিষ্ট ফাইল ডাউনলোড করে পাতার পর পাতা দেখতে হত। ভোটার তালিকার বিভিন্ন সংস্করণের মধ্যে তুলনা করাও ছিল যথেষ্ট সময়সাপেক্ষ। সার্থক সেই সমস্যারই সমাধান করেছেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা জানিয়েছেন বিরোধী দলের নেতা থেকে সমাজকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সিবিএসই থেকে নির্বাচন কমিশন, প্রযুক্তির সাহায্যে স্বচ্ছতার লড়াই

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও সরকারি ব্যবস্থায় তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সার্থক। চলতি বছরের মে মাসে দ্বাদশ শ্রেণির সিবিএসই পরীক্ষার ফল প্রকাশের পর নিজের নম্বরে অসঙ্গতি দেখতে পান তিনি। এর পর মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপি চেয়ে পাঠান। সেখান থেকেই সিবিএসই-র নতুন ওএসএম পদ্ধতি নিয়ে অনুসন্ধান শুরু হয়।

আরও পড়ুন:  বিজেপির আশায় ‘জল’ ঢালল ডিএমকে, জ্ঞানেশের ইস্তফার দাবি, ককরোচদের আন্দোলনে সমর্থন!

আরও পড়ুন: কলকাতা পুরভোট নিয়ে জট কাটল না, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

মে মাসের শেষ এবং জুনের শুরুতে সিবিএসই-র দলপত্রের একাধিক সংস্করণ খতিয়ে দেখেন তিনি। ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার দায়িত্বে থাকা সংস্থা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি, প্রযুক্তিগত শর্ত এবং অন্যান্য নিয়মে পরিবর্তনের বিষয়টি সামনে আনেন। ২ জুন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সামনে সাত পাতার একটি রিপোর্টও পেশ করেন সার্থক।

এর পর ২৬ জুন কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট পোর্টাল থেকে প্রায় ১.৬৬ কোটি সরকারি কেনাকাটার নথি সংগ্রহ করে একটি উন্মুক্ত ডেটাবেস তৈরি করেন তিনি। সরকারি খরচের তথ্য সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়াই ছিল উদ্যোগের লক্ষ্য।

২০ নভেম্বর তাঁর এই কাজের স্বীকৃতি হিসেবে ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’-এর তালিকায় জায়গা পান সার্থক। তার মাত্র চার দিন পরেই ভোটার তালিকা ডিজিটাল করার প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।

৬.৮ লক্ষ পিডিএফ, ৫৪.৮ কোটি তথ্য: কীভাবে কাজ করল সার্থকের দল?  

সার্থক জানিয়েছেন, উত্তরপ্রদেশের চার ধরনের ভোটার তালিকা নিয়ে কাজ করেছে তাঁর দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিসা, এসআইআর-এর খসড়া ও চূড়ান্ত তালিকা এবং ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা— সবক’টিই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

সমাজমাধ্যমে সার্থক লেখেন, নির্বাচন কমিশনের প্রকাশ করা উত্তরপ্রদেশের প্রতিটি ভোটার তালিকার পিডিএফ ফাইল তাঁরা ওসিআর প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াকরণ করেছেন। অধিকাংশ ফাইলই ছিল স্ক্যান করা। মোট ৬.৮ লক্ষ ফাইল থেকে তথ্য সংগ্রহ করে ৫৪.৮ কোটি সারিতে সাজানো হয়েছে। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্র অনুযায়ী তথ্যগুলিকে পৃথক টেবিলেও বিন্যস্ত করা হয়েছে।

ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন এমন একটি প্রযুক্তি, যার সাহায্যে স্ক্যান করা ছবি বা নথির মধ্যে থাকা লেখা ও সংখ্যাকে কম্পিউটারের পাঠযোগ্য তথ্যে পরিণত করা যায়। ফলে কোনও নথি শুধু ছবি হিসেবে না থেকে তার ভিতরের তথ্যও সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়। তবে এই প্রকল্পে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। প্রকাশ্যে ডাউনলোডযোগ্য ফাইলগুলিতে ভোটারের নাম, আত্মীয়ের নাম, ইপিআইসি নম্বর এবং বাড়ির নম্বরের মতো সংবেদনশীল তথ্যের পরিবর্তে বিশেষ হ্যাশ টোকেন ব্যবহার করা হয়েছে। তবে মূল নির্বাচন কমিশনের পিডিএফের সঙ্গে মিলিয়ে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা সম্ভব।

আরও পড়ুন:  প্রতীক-নাম হাতছাড়া, এ বার সুপ্রিম কোর্টে মমতা! মামলায় ঋতব্রতও, শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে

আরও পড়ুন: চিনের মহাকাশ স্টেশনে পাড়ি পাকিস্তানি নভশ্চরের, তিয়ানগংয়ে প্রথম বিদেশি মহাকাশচারী জিশান

এই উদ্যোগের গুরুত্ব শুধু ভোটারদের সুবিধা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ভোটার তালিকাই নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম ভিত্তি। এসআইআর চলাকালীন সেই তালিকায় কোনও পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে নাগরিকের ভোটাধিকারেও। তাই ভোটার তালিকা সহজে খুঁজে পাওয়া এবং যাচাই করার সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অনেকে।

মেশিনে পাঠযোগ্য ভোটার তালিকার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই দাবি তুলেছেন। এর মধ্যে ১৭ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ২০২৭ সালের খসড়া ভোটার তালিকার সার্চযোগ্য ও ডাউনলোডযোগ্য পিডিএফ প্রকাশ করে। তবে সার্থকের উদ্যোগে চারটি পৃথক ভোটার তালিকাকে একত্র করে আরও বড় পরিসরে তথ্য বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সার্থকের উদ্যোগের প্রশংসা করেছেন। এক্স-এ তিনি লেখেন, এই কাজ দীর্ঘ ও পরিশ্রমসাধ্য হলেও অত্যন্ত জরুরি। নাগরিকদের সতর্ক থাকা এবং জনসাধারণের জন্য তৈরি প্রতিষ্ঠানগুলিকে নজরদারির মধ্যে রাখার মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়।

নিজের পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতি খতিয়ে দেখা সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ্যে আনা এবং এ বার ভোটার তালিকাকে সহজে অনুসন্ধানযোগ্য করে তোলা—সার্থকের কাজের মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকারি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোই তাঁর লক্ষ্য। মাত্র ১৮ বছর বয়সে রাঁচির এই তরুণের উদ্যোগ তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু পর্যন্ত পৌঁছে গিয়েছে।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment