মিসিসিপি উপকূলের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২ শিশু-সহ নিহত ৬

By Suman Debnath

November 25, 2026 1:45 PM

মিসিসিপি উপকূলের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২ শিশু-সহ নিহত ৬


মিসিসিপি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে ভেঙে পড়ল যাত্রীবাহী ছোট এয়ারক্র্যাফ্ট। দুর্ঘটনায় ২ শিশু-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে এয়ারক্র্যাফ্টের ধ্বংসাবশেষের ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করেন ডুবুরিরা। মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, দুর্ঘটনাগ্রস্ত এয়ারক্র্যাফ্টটি ছিল একটি সেসনা ২১০। এটিতে ৪ জন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সি দুই শিশু ছিল। এয়ারক্র্যাফ্টটি মিসিসিপির পাস্কাগৌলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে ভেঙে পড়ে। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অন্তর্ভুক্ত।

কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রায় ৩টে ৪৫ মিনিটে মোবাইলের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানায়। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে উদ্ধারকারীরা সমুদ্রের জলে তিনটি লাইফ জ্যাকেট এবং বিমানের কেবিনের ভাসমান অংশ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে এয়ারক্র্যাফ্টের মূল কাঠামোর ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করে।

আরও পড়ুন:  মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, নির্বাচনী ফলকে স্বাগত ওবামার

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে বিমান চলাচলের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার। কোস্ট গার্ডের সেক্টর মোবাইলের সার্চ অ্যান্ড রেসকিউ মিশন কো-অর্ডিনেটর কমান্ডার ট্রেভর ব্লাউন্ট এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, প্রত্যাশিত পরিণতি না হলেও বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত বিমানের যাত্রীদের খোঁজ পাওয়া গিয়েছে। এতে তাঁদের পরিবারের সদস্যরা অন্তত প্রিয়জনদের বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন। এদিকে দুর্ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও দক্ষিণ ফ্লোরিডায় একটি লিয়ারজেট ৬০ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছিল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment