কাজাখস্তান থেকে ভারতে ফেরানো হল খুনের মামলায় অভিযুক্ত পলাতককে

By Suman Debnath

November 24, 2026 7:20 PM

কাজাখস্তান থেকে ভারতে ফেরানো হল খুনের মামলায় অভিযুক্ত পলাতককে


খুনের মামলায় অভিযুক্ত পলাতক আশিস কুমারকে কাজাখস্তান থেকে ভারতে ফেরাল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। হরিয়ানা পুলিশের দায়ের করা খুনের মামলায় অভিযুক্ত আশিসের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছিল। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ তাকে ভারতে ফেরানো হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর হরিয়ানা পুলিশের আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে একটি বিয়ের অনুষ্ঠানে মৃত ব্যক্তি ও আশিস কুমারের মধ্যে বচসা বাধে। পরে অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে ফেরার পথে ওই ব্যক্তির গাড়ির পথ আটকায় আশিস এবং তার সহযোগীরা। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় ওই ব্যক্তির।

হরিয়ানা পুলিশের আবেদনের ভিত্তিতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আশিসের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়। পরে কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরের অভিবাসন বিভাগে তার অবস্থান শনাক্ত হয়। এরপর কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং হরিয়ানা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করে।

আরও পড়ুন:  ফ্লাইদুবাই কাণ্ডে ভারতের যোগসূত্র খুঁজছে এনআইএ, আমিরশাহিকে চিঠি

ভারতে ইন্টারপোলের জাতীয় কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করে সিবিআই। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার সমন্বয় করে ভারতপোলের মাধ্যমে। সিবিআইয়ের দাবি, ২০১৯ সাল থেকে ইন্টারপোলের সহযোগিতায় ৩০০-র বেশি অভিযুক্ত পলাতককে দেশে ফেরানো হয়েছে। ২০২৬ সালেই এখনও পর্যন্ত ৭৫ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

 

১২১.৭৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, ভিএফএস ক্যাপিটালের ডিরেক্টরদের বাড়িতে সিবিআই তল্লাশি

১২১.৭৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে ভিএফএস ক্যাপিটাল লিমিটেডের ডিরেক্টরদের একাধিক ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। কলকাতা ও দেরাদুনের বিভিন্ন জায়গায় গত ২০ নভেম্বর এই তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা বেশ কিছু সন্দেহজনক ব্যাঙ্কের নথি এবং সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করে বাজেয়াপ্ত করেছেন।

ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাঙ্ক (সিডবি)-এর অভিযোগের ভিত্তিতে গত ১৮ নভেম্বর এই মামলা দায়ের করে সিবিআই। ভিএফএস ক্যাপিটাল লিমিটেড, সংস্থার ডিরেক্টর ও জামিনদারদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় সরকারি কর্মী এবং বেসরকারি ব্যক্তিদেরও মামলায় অভিযুক্ত করা হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:  উমর খালিদের জামিন মামলায় দিল্লি পুলিশের জবাব চাইল দিল্লি হাইকোর্ট

সিডবির অভিযোগ, ‘প্রয়াস’ এবং মেয়াদি ঋণ প্রকল্পের আওতায় সংস্থাটিকে ঋণ দেওয়া হয়েছিল। সেই ঋণের অর্থ নিয়ে বড়সড় আর্থিক অনিয়ম, তছরুপ এবং অন্যত্র সরানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি আর্থিক ও কাজকর্ম সংক্রান্ত নথি কারচুপি করে ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ।

এর ফলে ব্যাঙ্কের প্রায় ১২১.৭৮ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিযুক্তরা সমপরিমাণ আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ।
তল্লাশিতে উদ্ধার হওয়া ব্যাঙ্ক ও সম্পত্তি সংক্রান্ত নথি তদন্তের কাজে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা। এই আর্থিক ষড়যন্ত্রের সম্পূর্ণ পরিধি, সরকারি ও বেসরকারি ব্যক্তিদের ভূমিকা এবং ঋণের টাকা শেষ পর্যন্ত কোথায় ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই। তদন্ত এখনও চলছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment