ভেন্টিলেটর থেকে বেরিয়েও বিপন্মুক্ত নন রেখা, ফুসফুসের অবস্থা নিয়ে উদ্বেগ চিকিৎসকদের

By Suman Debnath

November 24, 2026 4:00 PM

ভেন্টিলেটর থেকে বেরিয়েও বিপন্মুক্ত নন রেখা, ফুসফুসের অবস্থা নিয়ে উদ্বেগ চিকিৎসকদের


হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন তিনি। সোমবার ভেন্টিলেটর থেকে বার করার পর মঙ্গলবারও তাঁকে নতুন করে ভেন্টিলেশনে রাখতে হয়নি। কথা বলছেন, শারীরিক অস্বস্তির কথাও জানাতে পারছেন।

বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার জানিয়েছেন, কথা বলার সময়ে রেখার জড়তা আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে সতর্ক চিকিৎসকেরা তাঁকে আপাতত আইসিইউতে রেখেই পর্যবেক্ষণে রাখতে চাইছেন।

হাসপাতাল সূত্রে খবর, শরীরে অক্সিজেনের ঘাটতি থাকায় এখনও বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসকদের উদ্বেগের কারণ ফুসফুসের অবস্থা। বিষক্রিয়ার জেরে মুখের ভিতরে জমে থাকা অতিরিক্ত লালারস ফুসফুসে ঢুকে গিয়েছিল। এর ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয়। এই জটিলতার প্রভাব তাৎক্ষণিক ভাবে বোঝা যায় না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সেই কারণেই মঙ্গলবার বিকেলে রেখার বুকের ফের সিটি স্ক্যান করার কথা। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাঁর শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠিতে উন্নতির ইঙ্গিত মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:  ফাঁকা ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা চিকিৎসকের, হবু স্ত্রী দেখে প্রতিবাদ করতেই ভয়ঙ্কর কাণ্ড

কী ধরনের বিষ তাঁর শরীরে গিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা। পরিজনেরা ভেষজ কীটনাশক খাওয়ার কথা জানালেও ওই কৌটোর গায়ে উপাদানের তালিকা নেই। ফলে কী কী রাসায়নিক দিয়ে সেটি তৈরি, তা জানা যাচ্ছে না। বিষক্রিয়ার উপসর্গ বিচার করেই আপাতত চিকিৎসা চালাচ্ছেন হাসপাতালের চিকিৎসকেরা।

গত শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

বসিরহাটের চিকিৎসকদের দেওয়া রেফারেল কার্ডে উল্লেখ ছিল, রোগীর পেটে বিষাক্ত ভেষজ কীটনাশক যাওয়ার কথা জানিয়েছেন পরিজনেরা। সেই সময়ে রেখার রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। চিকিৎসকদের নথি অনুযায়ী, তিনি ঝিমিয়ে পড়েছিলেন, ডাকলেও সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে জাগানোর চেষ্টাতেও লাভ হয়নি।

আরও পড়ুন:  ২৪টি এসিও কম! তৈরি হয়েছিল দমবন্ধকর পরিস্থিতি, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

রবিবার সকালে কলকাতার হাসপাতালে রেখার অবস্থা সঙ্কটজনক ছিল। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বিষক্রিয়ার বিষয়টি তখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক পরিচিতি পান রেখা। পরে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। সেই নির্বাচনে পরাজিত হলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন তিনি।

সম্প্রতি জেলার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক। দলীয় অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না বলেও অভিযোগ করেছিলেন। আপাতত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে বিজেপি নেতৃত্ব।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment