ছ’বছরের বিচ্ছেদ কাটিয়ে ফের জোট বাঁধল বিজেপি ও শিরোমণি অকালি দল। পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে পুরনো সঙ্গীদের হাত মেলানোর কথা মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অকালি দল প্রধান সুখবীর সিং বাদল। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠকে শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন অকালি দলেরই কোনও নেতা। অর্থাৎ, জোটে বড় শরিকের মর্যাদা পাচ্ছে বাদলদের দল।
আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ও অকালি দলের পুনরায় জোট বাঁধার জল্পনা বেশ কয়েক মাস ধরেই চলছিল। গত অগস্টে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সুখবীর সিংহ বাদল। সেই বৈঠকের পর থেকেই দুই পুরনো জোটসঙ্গীর ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অবশেষে মোদী-বাদল বৈঠকের প্রায় সাড়ে তিন মাস পর এনডিএ-তে ফিরল শিরোমণি অকালি দল।
২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তৎকালীন কৃষি আইনকে ঘিরে বিতর্কের জেরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়েছিল অকালি দল। সংসদে তিনটি কৃষি বিল পাশ করানোর প্রতিবাদে জোট ছাড়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছিলেন সুখবীরের স্ত্রী হরসিমরত কৌর বাদল। এর পর ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে দুই দল আলাদা ভাবে লড়াই করে। তাতে বিজেপি ও অকালি দল, কোনও পক্ষই উল্লেখযোগ্য সাফল্য পায়নি। কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ও অকালি দল পৃথক ভাবে লড়েছিল। পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে অকালি দল একটি আসন জিতলেও খাতা খুলতে পারেনি বিজেপি। সেই অভিজ্ঞতার পর আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করতেই ফের জোটের পথে হাঁটল দুই দল।
মঙ্গলবার যৌথ সাংবাদিক বৈঠকে অকালি দলকে এনডিএ-তে স্বাগত জানিয়ে অমিত শাহ বলেন, “শিরোমণি অকালি দল বিজেপির সবচেয়ে পুরনো বন্ধু। তাদের এনডিএ-তে ফিরে আসাকে স্বাগত জানাই। অকালি দলের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভাল। বাজপেয়ী-আডবাণীর সময় থেকে এই বন্ধুত্ব চলে আসছে।”
জোটের আসন সমঝোতা নিয়েও প্রাথমিক বার্তা দিয়েছেন শাহ। তাঁর ঘোষণা, পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই একসঙ্গে লড়বে দুই দল। জোটে বড় শরিকের ভূমিকা পালন করবে অকালি দল। এমনকি মুখ্যমন্ত্রীর পদও তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে, পুরনো জোটসঙ্গীকে পাশে পেয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুখবীর সিং বাদল। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে আম আদমি পার্টির আসন সংখ্যা এক অঙ্কে নেমে আসবে। বিজেপি-অকালি জোট অন্তত ১০০টি আসনে জয়ী হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
তবে জোটের চূড়ান্ত আসন বণ্টন এখনও স্থির হয়নি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানিয়েছেন, দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে।
এদিকে, বিজেপি ও অকালি দলের জোট ঘোষণার পরই কটাক্ষ করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তাঁর অভিযোগ, ক্ষমতার স্বার্থে বিজেপি যে কোনও দলের সঙ্গে জোট করতে পারে। কেজরীওয়ালের কথায়, “কখনও ওরা একসঙ্গে আসে, কখনও আলাদা হয়ে যায়, আবার কখনও জোট বাঁধে। আমাদের জোট পঞ্জাবের সাধারণ মানুষের সঙ্গে।”
Leave a Comment