ভারত ও নেপালের সম্মিলিত ইতিহাসের মূর্ত প্রতীক রাম ও সীতা। একথা মনে করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ”নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।” নেপালের (Nepal) প্রধানমন্ত্রী বলেন শাহর (PM Balendra Shah) সঙ্গে বৈঠকশেষে এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। উল্লেখ্য, রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এসেছেন বলেন্দ্র। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন তিনি।
বৈঠকশেষে বক্তব্য রাখার সময় মোদি বলেন, নেপাল ও ভারত স্রেফ প্রতিবেশী নয়। বরং দুই দেশের মধ্যে রয়েছে নিবিড় বিশ্বাসের সম্পর্ক। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা আমাদের আনন্দগুলি ভাগ করে নিই। আবার চ্যালেঞ্জগুলিও ভাগ করি। একে অপরের প্রগতির অংশীদার আমরা। কঠিন সময়েও পরস্পরের পাশে থাকি।
পরবর্তী সময়ে বলেন্দ্র শাহ বক্তব্য রাখার সময়ও একই বিষয় উঠে আসে। নেপালের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত ও নেপাল উভয়পক্ষের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে অর্থবহ ও ভবিষ্যৎমুখী আলোচনা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় দেশ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে।
এদিকে এদিনের বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদি হিমালয়-সংলগ্ন দেশটিতে বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪,০০০ কোটি নেপালি রুপি (ভারতীয় অঙ্কে যা প্রায় ১৫ হাজার কোটি টাকা) মূল্যের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি বলেন, “নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত নেপালের জন্য ২৪,০০০ কোটি নেপালি মুদ্রায় একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করছে।” সেই সঙ্গেই সরযূ-কমলা এক্সপ্রেস (যা অযোধ্যা-জনকপুর এক্সপ্রেস নামেও পরিচিত) ট্রেন পরিষেবা চালু করলেন বলেন্দ্র ও মোদি। পাশাপাশি এদিন মহাকালী নদীর উপরে উত্তরাখণ্ডের অসিগাদা থেকে নেপালের ধরচুলার সংযোগকারী ১১০ মিটারের একটি সেতুরও উদ্বোধন করেন তাঁরা। তাছাড়া নেপালে আইআইটি ক্যাম্পাস স্টার্টআপ পরিকাঠামো এবং ইনোভেশন হাব গড়ার কথাও জানান মোদি।
বলেন্দ্র শাহর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত আগস্ট মাসের হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি কাঠমান্ডু। তাই ‘নতুন’ নেপাল গড়তে ভারতের সহযোগিতা চাইছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেই লক্ষ্যেই প্রথম বিদেশ সফরে দিল্লিকে বেছে নিয়েছেন তিনি। তবে বলেন্দ্র নিজে ‘চিনপন্থী’ বলে পরিচিত। তাছাড়া নেপালের উপর বেজিংয়ের প্রভাব অনেকদিন ধরেই রয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথম বিদেশ সফরে চিনকে এড়িয়ে ভারতকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, বলেন্দ্রর এই সফরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও দেখছেন কূটনৈতিক মহলের একাংশ। এদিনের বৈঠক ও বৈঠকশেষে দুই রাষ্ট্রনেতার বক্তব্য থেকেও পরিষ্কার, চিনকে সরিয়ে রেখে বলেন্দ্র এখন ভারতমুখীই।
তথ্যসূত্র: sangbadpratidin
Leave a Comment