ভাবুন তো, আপনি রয়েছেন এমন এক জায়গায়, যেখানো মোবাইলের কোনও টাওয়ার নেই। চারপাশে পাহাড়, জঙ্গল কিংবা বিস্তীর্ণ সমুদ্র। ফোনে নেটওয়ার্ক নেই, কল করা যাচ্ছে না, ইন্টারনেটও কার্যত অচল। কিন্তু এবার যদি বলা হয়, সেই জায়গাতেও আপনার স্মার্টফোনে আসতে পারে নেটওয়ার্ক। তাও আবার কোনও মোবাইল টাওয়ারের সাহায্য ছাড়াই।
না, এটা কোনও সায়েন্স ফিকশন নয়। টেলিকম দুনিয়ায় ক্রমশ বাস্তব হয়ে উঠছে এক নতুন প্রযুক্তি। নাম DIRECT TO DEVICE SATELLITE CONNECTIVITY। অর্থাৎ, আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোন সরাসরি যোগাযোগ করবে মহাকাশে থাকা স্যাটেলাইটের সঙ্গে। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? সত্যিই কি মোবাইল টাওয়ারের প্রয়োজন ফুরিয়ে যাবে? আর ভারতের মতো বিশাল দেশে এই প্রযুক্তি কতটা বদলে দিতে পারে যোগাযোগের ভবিষ্যৎ?
এতদিন মোবাইল ফোনে নেটওয়ার্ক পেতে হলে নির্ভর করতে হত মাটিতে থাকা মোবাইল টাওয়ারের উপর। আপনার ফোন থেকে সিগন্যাল যায় কাছের টাওয়ারে। সেখান থেকে বিভিন্ন নেটওয়ার্ক পরিকাঠামো ঘুরে পৌঁছয় অন্য প্রান্তের ফোনে। কিন্তু যে এলাকায় টাওয়ার নেই, সেখানে তৈরি হয় নেটওয়ার্কের অন্ধকার। আর সেই সমস্যার সমাধান খুঁজতেই এবার প্রযুক্তির নজর মাটির উপর থেকে সোজা মহাকাশের দিকে।
এই প্রযুক্তিতে আসলে কী ঘটবে? মহাকাশে পৃথিবীর অনেক কাছাকাছি কক্ষপথে ঘুরবে একাধিক লো অরবিট আর্থ স্যাটেলাইট। সেই স্যাটেলাইটগুলির কাজ হবে অনেকটা আকাশে ভাসমান মোবাইল টাওয়ারের মতো। আপনার স্মার্টফোন থেকে বেরনো রেডিও সিগন্যাল পৌঁছে যাবে উপরের স্যাটেলাইটে। সেখান থেকে সিগন্যাল যাবে গ্রাউন্ড গেটওয়ে অথবা সংশ্লিষ্ট নেটওয়ার্ক পরিকাঠামোয়। তারপর সেই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ পৌঁছে যাবে অন্য প্রান্তে। অর্থাৎ, মাঝখানে আর মাটিতে থাকা মোবাইল টাওয়ারের উপর নির্ভর করতে হবে না।
সবচেয়ে বড় বিষয়, এই প্রযুক্তির লক্ষ্য কোনও বিশেষ স্যাটেলাইট ফোন নয়। বরং সাধারণ স্মার্টফোনকেই স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। বিশ্বের একাধিক সংস্থা এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের মধ্যে রয়েছে স্পেসএক্স এর স্টারলিঙ্ক, AST SPACEMOBILE এবং AMAZON LEO। AST SPACEMOBILE-র পরিকল্পনা আরও বড়। তাদের LOW EARTH ORBIT স্যাটেলাইটকে মহাকাশে থাকা মোবাইল টাওয়ারের মতো ব্যবহার করে সাধারণ স্মার্টফোনে ভয়ের কল, মেসেজ এবং ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এখানেই বদলে যাচ্ছে টেলিকম দুনিয়ার সংজ্ঞা। এতদিন টাওয়ারের সংখ্যা দিয়ে নেটওয়ার্কের বিস্তার বোঝা হত। এবার সেই নেটওয়ার্কের একটা অংশ তৈরি হতে পারে মহাকাশে।
কিন্তু প্রশ্ন হল, এই প্রযুক্তি কি সত্যিই সব স্মার্টফোনে কাজ করবে? এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। সব ফোনে যে একইভাবে স্যাটেলাইট নেটওয়ার্ক কাজ করবে, তা নয়। কোন স্যাটেলাইট কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠাচ্ছে, ফোনের হার্ডওয়্যার সেই ফ্রিকোয়েন্সি সমর্থন করছে কি না, টেলিকম সংস্থার সঙ্গে স্যাটেলাইট সংস্থার চুক্তি রয়েছে কিনা-সবকিছুর উপর নির্ভর করবে পরিষেবা। অর্থাৎ, আজকের ফোনে নেটওয়ার্ক নেই মানেই কাল থেকেই সেই ফোন স্যাটেলাইটে যুক্ত হয়ে যাবে, এমনটা নয়।
আরও একটা বিষয় মনে রাখতে হবে। স্যাটেলাইট থেকে সরাসরি নেটওয়ার্ক পেলেই যে 4G বা 5G-র মতো গতিতে সিনেমা দেখা যাবে, ভিডিও কল করা যাবে, এমন নিশ্চয়তা নেই। পরিষেবার ধরন, সিগন্যালের শক্তি এবং স্যাটেলাইটের সক্ষমতার উপর নির্ভর করবে ইন্টারনেটের গতি। তবে জরুরি মেসেজ, যোগাযোগ এবং দুর্গম এলাকায় নেটওয়ার্ক পাওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা নিতে পারে।
এবার আসা যাক ভারতের কথায়। কারণ এই প্রযুক্তি নিয়ে সম্প্রতি বড় পদক্ষেপ করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। সরাসরি স্যাটেলাইটের সঙ্গে স্মার্টফোনের যোগাযোগের পথ প্রশস্ত করতে নতুন সুপারিশ প্রকাশ করেছে TRAI। আর এই সুপারিশ ঘিরেই ভারতের টেলিকম দুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
TRAI প্রস্তাব দিয়েছে Satellite Communication Network Provider Authorisation নামে নতুন একটি অনুমোদন ব্যবস্থা চালু করার। এর মাধ্যমে স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থাগুলি সরাসরি গ্রাহকদের পরিষেবা না দিয়ে টেলিকম সংস্থাগুলিকে নেটওয়ার্কের পরিকাঠামো ও সক্ষমতা সরবরাহ করতে পারবে।
অর্থাৎ, একদিকে থাকবে স্যাটেলাইট সংস্থা। অন্যদিকে থাকবে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। আর এই দুইয়ের হাত ধরেই গ্রাহকের স্মার্টফোনে পৌঁছতে পারে স্যাটেলাইটের নেটওয়ার্ক। TRAI-র প্রস্তাবে রয়েছে দু’ধরনের Direct-to-Device পরিষেবা। প্রথমটি হল MSS বা Mobile Satellite Service ভিত্তিক D2D। এখানে L-band এবং S-band ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্যাটেলাইট সরাসরি উপযুক্ত স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করবে।
দ্বিতীয়টি হল IMT spectrum ভিত্তিক D2D। এখানে মোবাইল সংস্থাগুলির ব্যবহৃত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে ফোনে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। TRAI-র প্রস্তাবে ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১৮০০ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই পরিষেবা চালু করতে সরকারের চূড়ান্ত অনুমোদন, প্রয়োজনীয় লাইসেন্স এবং টেলিকম সংস্থাগুলির অংশীদারিত্ব জরুরি।
আর এখানেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। TRAI বলেছে, ভবিষ্যতে ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনে স্যাটেলাইট যোগাযোগের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার বা মডিউল যুক্ত করার বিষয়ে ফোন প্রস্তুতকারকদের উৎসাহিত করা উচিত। অর্থাৎ, আগামী দিনে নতুন স্মার্টফোন কেনার সময় শুধু 5G সাপোর্ট নয়, স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্টও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে TRAI-র এই সুপারিশ এখনও সরকারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ, সুপারিশ প্রকাশ মানেই পরিষেবা চালু হয়ে যাওয়া নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।
একসময় ফোনে কথা বলতে গেলে নির্ভর করতে হত তারের উপর। তারপর এল ওয়্যারলেস প্রযুক্তি। 2G থেকে 3G, 4G হয়ে 5G প্রতিটি ধাপে বদলেছে যোগাযোগের দুনিয়া। এবার সেই যোগাযোগ ব্যবস্থার পরবর্তী গন্তব্য মহাকাশ। তবে এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে বিষয়টি পরিকল্পনা ও নিয়ন্ত্রক অনুমোদনের পর্যায়ে। কবে থেকে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন, কোন কোন ফোনে কাজ করবে এবং কত টাকা খরচ হবে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভবিষ্যতে নেটওয়ার্ক খুঁজতে আর শুধু চারপাশের মোবাইল টাওয়ারের দিকে তাকিয়ে থাকতে হবে না। কখনও কখনও আপনার ফোনের নেটওয়ার্কের ঠিকানা হতে পারে মাথার অনেক উপরে, মহাকাশে।
Leave a Comment