কবে দরজা খুলবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে? রিপোর্ট তলব হাইকোর্টের

By Suman Debnath

November 10, 2026 4:15 PM

কবে দরজা খুলবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে? রিপোর্ট তলব হাইকোর্টের


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর কবে খুলবে? সেই প্রশ্নেই এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তবে অবিলম্বে অফিস খোলার আর্জি নিয়ে অবকাশকালীন বেঞ্চে স্বস্তি পেলেন না মামলাকারী। বিষয়টি পাঠিয়ে দেওয়া হল নিয়মিত বেঞ্চে। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

সোমবার বিচারপতি রিশাদ মেদোরার অবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় ও আইনজীবী অর্ক নাগ দত্তের আবেদন ছিল, অবিলম্বে ক্যামাক স্ট্রিটের অফিস খোলার অনুমতি দেওয়া হোক। তাঁর বক্তব্য, গত ৩ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে দপ্তর বন্ধ থাকলেও সেখানে আলো, পাখা-সহ বিদ্যুতের সংযোগ চালু রয়েছে। ফলে একদিকে যেমন বিদ্যুতের খরচ বাড়ছে, অন্যদিকে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থেকে যাচ্ছে।

মামলাকারীর আইনজীবির আরও বক্তব্য, ঘটনার পর ফরেন্সিক পরীক্ষার কথা জানিয়েছিলেন ডিসি। কিন্তু এখনও পর্যন্ত সেই পরীক্ষা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তাই অফিসের বর্তমান পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর আর্জিও জানানো হয় আদালতে।

আরও পড়ুন:  রাণীগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন পিতলের রথের দড়িতে টান রাজ্যের দুই মন্ত্রী ও বিধায়কদের

এ দিন রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতের কাছে সময় চান। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অফিস খোলার বিষয়ে এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, আদেও ফরেন্সিক দল পরিদর্শনে গিয়েছে কিনা তা জানিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। তবে অবকাশকালীন বেঞ্চে অফিস খোলার আবেদন মঞ্জুর হয়নি। আগামী ২৩ নভেম্বর নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। একদল দুষ্কৃতী অফিসে ঢুকে তাণ্ডব চালায় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেছিল তৃণমূলের কালীঘাট শিবির। অফিসের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন অভিষেকও।

তাঁর অভিযোগ ছিল, ভোর সাড়ে চারটে নাগাদ অস্ত্রশস্ত্র নিয়ে বিজেপির দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং আসবাবপত্র ও বৈদ্যুতিন সরঞ্জাম ভাঙচুর করে। ঘটনার পর পুলিশকে ফোন করেও পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় পুলিশ ছ’জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন:  শিয়ালদহ স্টেশনের বাইরে খাবারের দোকানে আগুন, ধোঁযায় ঢাকল এলাকা, মেলেনি পর্যাপ্ত জল অভিযোগ দমকলের

আরও পড়ুন: ভাঁইফোটায় আনন্দে জল ঢালবে বৃষ্টি! উত্তর-দক্ষিণে কী পূর্বাভাস?

সমাজমাধ্যমে অভিষেক ওই ঘটনাকে ‘আইনের শাসনের উপর লজ্জাজনক এবং নগ্ন আক্রমণ’ বলে আক্রমণ শানিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে বন্ধ থাকা দপ্তরের দরজা কবে খুলবে, এখন নজর ২৩ নভেম্বরের শুনানির দিকে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment