দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫

By Suman Debnath

November 9, 2026 1:20 PM

দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫


দেওয়ালির আনন্দের আবহেই মধ্যপ্রদেশ পর পর দু’টি ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই পরিবারের ১২ জন সদস্য। কাটনি ও সিওনি জেলার দু’টি পৃথক বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে দু’মাসের শিশু থেকে শুরু করে নাবালক ও প্রবীণদের। দুই ঘটনায় আরও চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উৎসবের রাতে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

প্রথম অগ্নিকাণ্ডটি ঘটে কাটনি জেলার বরহি শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে একটি তিনতলা বাড়ির একতলায় অবস্থিত বাসনপত্রের দোকানে আগুন লাগে। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। সেই সময়ে বাড়ির উপরেরর তলাগুলিতে ঘুমিয়ে ছিলেন আগরওয়াল পরিবারের সদস্যরা। আগুন লাগার পর পরিবারের দু’জন কোনও রকমে বাইরে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভিতরে আটকে পড়েন।

আরও পড়ুন:  এলএসি-তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে জঙ্গি যোগ প্রায় শূন্য

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। শুরু হয় উদ্ধারকাজ, যা চলে সারা রাত ধরে। ভোর সাড়ে ৪টে নাগাদ ৭৭ বছর বয়সি পূর্ণ আগরওয়াল উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টা নাগাদ জেসিবি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে আরও পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে রয়েছেন পূরণের স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম, আর্য (১৪), অন্বী (৬) এবং মাত্র দু’মাসের এক শিশু।

মহকুমা পুলিশ আধিকারিক বীরেন্দ্র নারভে জানিয়েছেন, প্রদীপের আগুন অথবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়। এ দিকে, দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বরহি ও বিজয়রাঘবগড় থেকে আসা দমকলের দুটি ইঞ্জিনের পাইপ ফাটা ছিল এবং সেগুলি ঠিকমতো কাজ করছিল না। পরে কৈমোর ও কাটনি পুরসভা্র দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:  মেট্রো-ট্রেন স্বাভাবিক করে ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ জমায়েতে বেআইনি আটক নয় নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্বিতীয় আগুন লাগার ঘটনাটি ঘটেছে সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে, একটি জৈন মন্দিরের কাছে। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাত ৩টে থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়িতে আগুনে লাগে। সেই সময়ে বা বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন পরিবারের মোট ১০ জন সদস্য। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁদের বেরিয়ে আসার সুযোগ কার্যত ছিল না।

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment