ভিআইপি নয়, সাধারণ ভক্তের মতোই কামাখ্যা মন্দিরে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে দেখতে ভক্তদের ভিড়

By Suman Debnath

November 7, 2026 8:55 PM

ভিআইপি নয়, সাধারণ ভক্তের মতোই কামাখ্যা মন্দিরে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে দেখতে ভক্তদের ভিড়


কালীপুজোর আগে সপরিবারে মা কামাখ্যার মন্দিরে হাজির অরিজিৎ সিং। গুয়াহাটির বিখ্যাত শক্তিপীঠে প্রিয় গায়ককে এক ঝলক দেখতে ভক্তদের ভিড় জমে যায়। তবে তারকা-সুলভ কোনও আয়োজন নয়, একেবারে সাধারণ পুণ্যার্থীর মতোই মন্দিরে পৌঁছন জিয়াগঞ্জের ভূমিপুত্র। দেবীর কাছে পুজো দেওয়ার আগে মন্দির চত্বরের একটি দোকান থেকে ধূপকাঠি ও পুজোর সামগ্রী কেনেন তিনি। এরপর পরিবারের সঙ্গে মন্দিরে প্রবেশ করে দেবীর চরণে পুজো দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন।

তারকা পরিচয়ের আড়ম্বর বরাবরই এড়িয়ে চলেন অরিজিৎ। সাধারণ জীবনযাপনের জন্যও অনুরাগীদের কাছে বিশেষভাবে পরিচিত তিনি। কামাখ্যা মন্দিরেও তার অন্যথা হয়নি। কোনও বিশেষ সুযোগ-সুবিধা বা ভিআইপি ব্যবস্থার বদলে সাধারণ ভক্তদের মতোই পুজো দেন গায়ক। তাঁকে এভাবে মন্দিরে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। অনেকেই প্রিয় শিল্পীর সঙ্গে ছবি তোলার আবদার জানান। হাসিমুখে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেলফির আবদারও মেটান অরিজিৎ। ভিড় সামলাতে এগিয়ে আসেন পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন:  প্রেগনেন্সিতেও দুর্দান্ত অ্যাকশন দীপিকার | Amar Bangla BANGLADESH

বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন অরিজিৎ। গত কয়েক দিন ধরেই অসমের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। তবে কামাখ্যা মন্দিরে পৌঁছনোর পরই তাঁর উপস্থিতির ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা নজর কাড়ে অনুরাগীদের।

এর আগে গত বৃহস্পতিবার ডিমাপুরের উদ্দেশে যাওয়ার পথে বোকোলিয়াঘাটে কিছুক্ষণের জন্য থেমেছিলেন গায়ক। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশ আধিকারিক ও অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন।

এরও আগে, গত ৩১ অক্টোবর বরপেটা রোডের সিমলাগুড়ির কাছে সুবালা হোটেল অ্যান্ড রেস্তরাঁয় আচমকাই হাজির হয়েছিলেন অরিজিৎ। সেখানে চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ সময় কাটান। জনপ্রিয় এই গায়ককে আচমকা সামনে দেখে চমকে যান হোটেলের কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:  টোটার সঙ্গে শরৎচন্দ্রের মুখের মিল, সেই কারণেই কি এই চরিত্রে অভিনেতা?

এবার মা কামাখ্যার মন্দিরে অরিজিতের উপস্থিতি ঘিরে অসমের অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারকা পরিচয়ের বাইরে গিয়ে তাঁর এই সাধারণ আচরণই ফের মন জয় করল ভক্তদের।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment