ভোরের বাতাসে এখন শিরশিরে ভাব এসেছে। শীতের হালকা আমেজ ভোরবেলায় যেন টের পাওয়া যাচ্ছে। কিন্তু বেলা বাড়লেই সেই শীত যেন উধাও। আবার প্রখর রোদের তাপে ভ্যাপসা গরম লাগছে। তবে ধীরে ধীরে কমে যায় তাপমাত্রা। সূর্য ডোবার পর থেকেই তা কমতে থাকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। উত্তরবঙ্গেও আগামী কদিনে পারদ পতনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কদিনে পারদ বেশ খানিকটা নামবে। তবে ঠাণ্ডার আমেজ এখনই অনুভূত হচ্ছে না। আগামী সপ্তাহে কদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায়।
কলকাতার আকাশ এখন পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি। তাই দিনের তুলনায় রাত এবং ভোরে আবহাওয়া খানিকটা মনোরম থাকবে। আগামী কদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। আগামী রবিবার কালীপুজো। তারপর বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। নতুন করে উৎসবের আমেজে মেতে উঠতে চলেছেন মানুষজন। কিন্তু উৎসবের মরসুমেও বেশ কিছু জেলায় বৃষ্টির ভ্রুকুটি থাকছে। যদিও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কদিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও নেই। তবে তাপমাত্রার ক্ষেত্রে বদল আসতে পারে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার জেরে ভোর ও রাতের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি বাড়তে পারে। সোমবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি মঙ্গলবার থেকে হতে পারে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার কালীপুজোয় বৃষ্টি হবে না।
তাছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পাহাড়ি এলাকায় ঠাণ্ডার অনুভূতি বেশি থাকবে। কোনও জেলায় এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Comment