বাংলায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জয় বালাজির, ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

By Suman Debnath

November 5, 2026 8:25 PM

বাংলায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জয় বালাজির, ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা


বাংলায় প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করল জয় বালাজি গোষ্ঠী। আগামী কয়েক বছরে বিশেষ ধরনের ইস্পাত, সংকর ধাতু, প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ-সহ একাধিক ক্ষেত্রে উৎপাদন ও ব্যবসার পরিধি বাড়াতে চায় সংস্থাটি। এই সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে দাবি গোষ্ঠীর।

বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার দিনেই এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে জয় বালাজি গোষ্ঠী। সংস্থার পরবর্তী শিল্প সম্প্রসারণের মূল কেন্দ্র হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের নতুন সরকারের শিল্পায়নে জোর এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগের উপর আস্থা প্রকাশ করেছে তারা।

প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ খরচ করা হবে রেল, প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পে ব্যবহৃত উন্নত মানের ইস্পাত এবং বিশেষ সংকর ধাতু উৎপাদনে। পাশাপাশি সূক্ষ্ম ও নির্ভুল মাপের ইঞ্জিনিয়ারিং পণ্য, বিশেষ ধরনের তামার সামগ্রী এবং ইস্পাতের ঢালাই ও ফোর্জিং উৎপাদনেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গাড়ি, রেল, প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পে এই পণ্যগুলির চাহিদা রয়েছে। অ্যালুমিনিয়াম ও তামার সংকর ধাতু এবং সেগুলি থেকে তৈরি বিভিন্ন পণ্যও এই সম্প্রসারণের আওতায় আসবে। সংস্থার মতে, দেশে এই ধরনের উৎপাদন বাড়লে গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

আরও পড়ুন:  ফাঁকা ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা চিকিৎসকের, হবু স্ত্রী দেখে প্রতিবাদ করতেই ভয়ঙ্কর কাণ্ড

বাংলায় আটটি উৎপাদন কেন্দ্র

জাজোদিয়া পরিবারের প্রতিষ্ঠিত জয় বালাজি গোষ্ঠীর সঙ্গে বাংলার শিল্পক্ষেত্রের সম্পর্ক চার প্রজন্মের। বর্তমানে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তীসগঢ় মিলিয়ে সংস্থার মোট ১০টি উৎপাদন কেন্দ্র রয়েছে। তার মধ্যে আটটিই বাংলায়। স্পঞ্জ আয়রন, পিগ আয়রন, ফেরো অ্যালয়, বিভিন্ন ধরনের ইস্পাত, ডাকটাইল আয়রন পাইপ, টিএমটি বার এবং ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে সংস্থাটি।

গোষ্ঠীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ হাজারের বেশি মানুষের জীবিকা তাদের ব্যবসার সঙ্গে যুক্ত। বিশ্বের ৬০টিরও বেশি দেশে পণ্য রফতানি করে জয় বালাজি। বিদ্যমান উৎপাদন পরিকাঠামো, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং পণ্য পরিবহণের জন্য নির্দিষ্ট রেল সাইডিংকে কাজে লাগিয়েই নতুন সম্প্রসারণের পরিকল্পনা করেছে সংস্থাটি।

সৌরবিদ্যুৎ উৎপাদনেও নজর

শুধু ইস্পাত ও সংকর ধাতু উৎপাদন নয়, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রেও বিনিয়োগ করতে চায় জয় বালাজি। কারখানার বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি শক্তির কার্যকর ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোই এর লক্ষ্য। বর্তমানে গোষ্ঠীর নিজস্ব ব্যবহারের জন্য প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। কারখানার উদ্বৃত্ত তাপ এবং কঠিন শিল্পবর্জ্য ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন:  মায়ের আরাধনায় ভিআইপি তকমা নয়, এক ছাতার তলায় ৭৭৮ পুজো

এই সম্প্রসারণের ফলে শুধু সংস্থার নিজস্ব কারখানাতেই নয়, সহযোগী শিল্প, যন্ত্রাংশ সরবরাহ, পরিবহণ এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রেও নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে বলে আশা জয় বালাজির।

তবে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা এখনও ঘোষণার পর্যায়েই রয়েছে। কোন প্রকল্পে কত টাকা বিনিয়োগ হবে, কোথায় নতুন কারখানা বা পরিকাঠামো তৈরি হবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। একই ভাবে সম্ভাব্য ২০ হাজার কর্মসংস্থানের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের পৃথক হিসাবও এখনও স্পষ্ট নয়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment