মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শিবিরে ধাক্কার ইঙ্গিত! প্রতিনিধি পরিষদ দখলের পথে ডেমোক্র্যাটরা, জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া

By Suman Debnath

November 4, 2026 5:55 PM

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শিবিরে ধাক্কার ইঙ্গিত! প্রতিনিধি পরিষদ দখলের পথে ডেমোক্র্যাটরা, জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া


মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক প্রবণতায় একাধিক রাজ্যে এগিয়ে ডেমোক্র্যাট শিবির। ওহায়ো, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটের ফলের ইঙ্গিত রিপাবলিকানদের জন্য অস্বস্তি বাড়িয়েছে। এর মধ্যেই ফ্লোরিডা থেকে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। মার্কিন কংগ্রেসে নতুন মুখ হিসেবে তাঁর এই জয় ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের সাফল্যের তালিকায় আরও একটি পালক যোগ করল। অন্যদিকে, একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। যদিও সব আসনের গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল জানা যাবে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের মাঝপথে এই নির্বাচনকে তাঁর সরকারের কাজের মূল্যায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অর্থনীতির হাল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অভিবাসন নীতি এবং ইরানের সঙ্গে সংঘাত—এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিষয়গুলি। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে যায়, তার উপরই নির্ভর করছে ট্রাম্পের আগামী দু’বছরের রাজনৈতিক ভবিষ্যৎ।

এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৭টি আসনে নির্বাচন হয়েছে। পাশাপাশি ৩৬টি রাজ্যে হয়েছে গভর্নর নির্বাচন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি আসন বাড়াতে হবে। অন্যদিকে, সেনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন চারটি আসনের নিট লাভ। বর্তমানে সেনেটে ৫৩-৪৭ ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। টেক্সাস, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেন, মিশিগান, আইওয়া ও ওহায়োর মতো রাজ্যের আসনগুলির দিকে বিশেষ নজর রয়েছে।

আরও পড়ুন:  ‘মাথা নত করবে না ইরান’, আমেরিকা থেকেই ট্রাম্পকে পাল্টা পেজেশকিয়ানের

ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের লড়াই

এবারের নির্বাচনে নজর কেড়েছেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী। ওহায়োর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামস্বামী এখনও পর্যন্ত ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী অ্যামি অ্যাক্টনের পিছনে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পেলেও প্রাথমিক প্রবণতায় প্রায় দু’লক্ষ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে, ভার্জিনিয়ার দশম নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিনিধি পরিষদে ফের জয় পেয়েছেন ডেমোক্র্যাট সুহাস সুব্রহ্মণ্যম। তাঁর ঝুলিতে গিয়েছে ৬১ শতাংশের বেশি ভোট। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি এলাকার আসনে রো খান্নার ফল এখনও স্পষ্ট নয়। ওয়াশিংটনের সপ্তম কেন্দ্র থেকে পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন প্রমীলা জয়পাল। ক্যালিফোর্নিয়ার তৃতীয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমি বেরা। এই দুই আসনেও চলছে গণনা।

আর কারা রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়?

অ্যারিজোনার প্রথম নির্বাচনী কেন্দ্র থেকে ডেমোক্র্যাট প্রার্থী অমিশ শাহের বিরুদ্ধে লড়ছেন রিপাবলিকান জে ফিলি। টেক্সাসের দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূজা শেঠি ও সন্দীপ শ্রীবাস্তব। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে রিপাবলিকান প্রার্থী সরিতা কোমাতিরেড্ডিও রয়েছেন লড়াইয়ে। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিথ্যা রামন। তবে এই প্রার্থীদের কারও ক্ষেত্রেই এখনও চূড়ান্ত ফলাফলের স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

আরও পড়ুন:  আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের! সেনেটের দখল ডেমোক্র্যাটদের, একাধিক গুরুত্বপূর্ণ আসনে হার রিপাবলিকানদের

মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের আগামী দিনের পথও অনেকটা নির্ধারণ করে দিতে পারে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের অন্তত একটি কক্ষের নিয়ন্ত্রণ পেলে সরকারের বিভিন্ন নীতি নিয়ে তদন্ত, প্রশাসনিক সিদ্ধান্তের পর্যালোচনা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে বাধা তৈরির ক্ষমতা বাড়বে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদ ও সেনেট—দুই কক্ষই রিপাবলিকানদের দখলে থাকলে নিজের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে অনেকটাই সুবিধা পাবেন ট্রাম্প। তাই এই নির্বাচনের ফল শুধু কংগ্রেসের সমীকরণ নয়, মার্কিন রাজনীতির আগামী দু’বছরের গতিপথও ঠিক করে দিতে চলেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment