টি-টোয়েন্টিতে সেরা সাতে শ্রেয়স,টেস্টে এক নম্বর স্টার্ক

By Pritam Shil

November 4, 2026 2:50 PM


আইসিসি-র র‍্যাঙ্কিং- এ ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠেছেন এবং আইসিসি-র সর্বশেষ টেস্ট বোলারদের ক্রমতালিকায় ফের এক নম্বর জায়গা দখল করলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেনকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন স্টার্ক। ওই ম্যাচে মোট ৯টি উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে এক ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় এক নম্বর জায়গা ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। এর আগে গত অগস্ট প্রথমবার টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন স্টার্ক। সেই সময় ভারতের পেসার জসপ্রীত বুমরাকে সরিয়ে এক নম্বর জায়গা দখল করেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় টেস্টে ৬টি উইকেট নিয়ে স্টার্ককে সরিয়ে শীর্ষস্থান দখল করেন জানসেন। কেপটাউনে শেষ টেস্টে জানসেন মাত্র ৩টি উইকেট পান। অন্যদিকে, স্টার্ক নেন ৯টি। ফলে ফের এক নম্বরে উঠে আসেন অস্ট্রেলিয়ার পেসার।

টেস্ট বোলারদের সেরা দশে দক্ষিণ আফ্রিকার আরও দুই বোলার রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য স্পিনার সাইমন হারমার। কেপটাউনে ম্যাচের সেরা হয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা নেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট তুলে নেন হারমার। এর ফলে ক্রমতালিকায় ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ঠিক পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। বোলারদের তালিকায় শীর্ষস্থান হারালেও টেস্ট অলরাউন্ডারদের তালিকায় নিজের জায়গা আরও মজবুত করেছেন জানসেন। শেষ টেস্টে অর্ধশতরান করার সুবাদে কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। এই তালিকায় দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার এক ধাপ উঠে তৃতীয় এবং হারমার তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

আরও পড়ুন:  বরফ গলছে ভারত-বাংলাদেশ সম্পর্কে! ক্রিকেট সফর নিশ্চিত করতে দিল্লির দ্বারস্থ ঢাকা

টেস্ট ব্যাটারদের তালিকাতেও উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এই তালিকায় এইডেন মার্করাম এক ধাপ এগিয়ে ১১ নম্বরে, মুল্ডার সাত ধাপ উঠে ১৭ নম্বরে এবং রায়ান রিকেলটন ২৫ ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। রিকেলটন পেয়েছেন কেরিয়ারের সেরা রেটিংও। অন্যদিকে, টেস্ট ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিরও। গ্রিন তিন ধাপ এগিয়ে এবং ক্যারি দুই ধাপ এগিয়ে যুগ্মভাবে ১৯ নম্বরে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর বড় উন্নতি হয়েছে জাস্টিন গ্রিভসের। তিনি ১২ ধাপ এগিয়ে যুগ্মভাবে ৩৮ নম্বরে উঠে এসেছেন। এটিও তাঁর কেরিয়ারের সেরা রেটিং। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচের পর বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন জোমেল ওয়ারিকান। অলরাউন্ডারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে যুগ্মভাবে ২৩ নম্বরে জায়গা পেয়েছেন রস্টন চেজ।

আরও পড়ুন:  মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার মামলায় খালাস ব্রিজভূষণ শরণ সিংহ, বিফলে গেল বিনেশ-সাক্ষীদের প্রতিবাদ

এদিকে, পাকিস্তানে সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের পর একদিনের ক্রিকেটের ক্রমতালিকাতেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বোলারদের তালিকায় পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন। তাঁর সতীর্থ হ্যারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় পাকিস্তানের ফখর জামান ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে জায়গা পেয়েছেন। ইংল্যান্ডের বেন ডাকেট এক ধাপ উঠে ষষ্ঠ এবং শ্রীলঙ্কার পবন রত্নায়েকে ২০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে পৌঁছেছেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমতালিকাতেও পরিবর্তন এসেছে। ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠেছেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে জায়গা পেয়েছেন। বোলারদের তালিকায় মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে পঞ্চম এবং জ্যাকব ডাফি ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন। এছাড়া, টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। জিম্বাবোয়ের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই উন্নতি হয়েছে তাঁর।

No comments to show.

Leave a Comment