‘বাঁশি কোনও কাজের নয়, ধনুকই আসল’, রামের প্রশংসা করতে গিয়ে কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য বাগেশ্বর বাবার, চাইলেন ক্ষমা

By Suman Debnath

November 3, 2026 3:08 PM

‘বাঁশি কোনও কাজের নয়, ধনুকই আসল’, রামের প্রশংসা করতে গিয়ে কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য বাগেশ্বর বাবার, চাইলেন ক্ষমা

রামের গুণগান করতে গিয়ে কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে মধ্যপ্রদেশের ধর্মীয় বক্তা ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামেও পরিচিত। তাঁর মন্তব্য, “কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল।” এই বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিভিন্ন মহল থেকে নিন্দার মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে।

মধ্যপ্রদেশের শিবপুরীতে আয়োজিত একটি ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে এমন মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর কথায়, “তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি সোজা পথে চলেন, সোজা কাজ করেন। তাঁর নামও সহজ।অন্যদিকে কৃষ্ণের মূর্তি দেখো—ঘাড় ও কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে। ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।” তাঁর এই বক্তব্যকে কৃষ্ণের প্রতি অশ্রদ্ধা হিসেবেই দেখছেন অনেকে।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে কৃষ্ণভূমি মথুরা-বৃন্দাবনেও। সেখানকার কয়েকজন হিন্দু সন্ন্যাসী প্রকাশ্যে দেবদেবীদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের বক্তব্য, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রীকৃষ্ণের নানা রূপ ও পরিচয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। 
সমালোচনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান বাগেশ্বর বাবা। তবে ক্ষমা চাইলেও বিতর্ক ও সমালোচনা পুরোপুরি থামেনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment