আলিপুরের পর নিউটাউনের মিনি জু-তে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার

By Suman Debnath

October 31, 2026 3:10 PM

আলিপুরের পর নিউটাউনের মিনি জু-তে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার


সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল। এবার নিউটাউনের মিনি জু-তে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মে মাসের মধ্যে বাঘ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী মনোজ ওঁরাও।

শুক্রবার এর জন্য বনমন্ত্রী নিউটাউনের হরিণালয় পরিদর্শন করেন। সমস্ত বিষয়টা খতিয়ে দেখার পর বনমন্ত্রী জানান, বাঘ রাখার পুরো পরিকাঠামো সম্পূর্ণ হয়ে গিয়েছে। সমস্ত কাজ শেষ হয়ে গেলে সেন্ট্রাল জু অথরিটি বা সিজেডএ-র কাছে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হবে। এর পরে পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখার পর বাঘের সংখ্যা বাড়ানো হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রয়্যাল বেঙ্গল টাইগার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে নিউটাউনের মিনি জু-তে নিয়ে আসা হবে। ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর এই মিনি জু তৈরি করা হয়েছে। সেখানে হরিণ, জিরাফ, শিম্পাজি-সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে।

আরও পড়ুন:  অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা! দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে একাধিক আশ্বাস শুভেন্দু অধিকারীর

সেই মিনি জু-তেই বাঘের জন্য বিশেষ এনক্লোজার তৈরি করা হয়েছে। সেই এনক্লোজারের ৭০ শতাংশের বেশি জায়গা খোলা রাখা হয়েছে। বাঘের ঘোরাফেরার জন্য আলাদা জায়গা রয়েছে। কাচের দেওয়াল ও লোহার বেড়াতে ঘেরা জায়গা থেকে আগত দর্শকরা বাঘ দেখতে পারবেন। তার উপরের দিকে বিদ্যুৎচালিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বাঘের বিশ্রামের জন্য একটি গুহাও তৈরি করে রাখা হয়েছে।

আরও পড়ুন: ফানুস ওড়ানোর আগে নিতে হবে দমকলের অনুমতি, নিষিদ্ধ বাজি বিক্রির উপরেও কড়া নজরদারি

উল্লেখ্য, চলতি বছরে সম্প্রতি বিহারের বাল্মিকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় বাঘিনি নিয়ে আসা হয়েছিল। প্রথম কয়েকদিন সেখানকার জঙ্গলে ঘোরাফেরা করছিল। পরে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে দেখা যায়, ধীরে ধীরে সে অসম সীমান্তের দিকে এগোচ্ছে। এখন অসমের রায়মনা জাতীয় উদ্যানের জঙ্গলে রয়েছে বাঘিনি। রাজ্যের বনমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে অসমের বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

আরও পড়ুন:  ‘ডিম আমাদের মাথায় পড়বে’, অতি উৎসাহী বিজেপি কর্মীদের সতর্ক করলেন শমীক

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment