পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডার একটি শাখায় প্রায় ৩৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠল। গ্রাহকদের দাবি, তাঁদের অনুমতি ছাড়াই সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। এমনকী মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট। অথচ অনেকেই কোনও এসএমএস সতর্কবার্তা পাননি বলে অভিযোগ। ঘটনায় শাখা ব্যবস্থাপক-সহ পাঁচ কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশও তদন্ত শুরু করেছে।
গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ এলাকার ওই শাখায় আশপাশের গ্রামের বহু কৃষক ও ছোট ব্যবসায়ীর অ্যাকাউন্ট রয়েছে। তাঁদের অভিযোগ, অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করতে গিয়ে তাঁরা টাকা উধাও হওয়ার বিষয়টি জানতে পারেন। এক গ্রাহকের দাবি, তাঁর অ্যাকাউন্টে প্রায় ৮৮ লক্ষ টাকা থাকলেও এখন রয়েছে মাত্র ১ লক্ষ টাকা।
অন্য এক গ্রাহক জানিয়েছেন, তাঁর সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। আরও এক গ্রাহকের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯.৫ লক্ষ টাকা সরানো হয়েছে। অন্যদিকে, এক গ্রাহকের দাবি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে তাঁর মায়ের অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা জমা পড়েছিল। কিন্তু সেই টাকারও বড় অংশের হদিশ মিলছে না বলে অভিযোগ।
গ্রাহকদের বক্তব্য, তাঁরা কোনও নথিতে সই করেননি বা টাকা স্থানান্তরের অনুমতি দেননি। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে এই অনিয়ম চলছিল। তবে জালিয়াতির মোট অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ব্যাঙ্ক বা পুলিশ। এখনও পর্যন্ত ১৮ জন গ্রাহক পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পিএনবির অভ্যন্তরীণ তদন্তও চলছে।
আরও পড়ুন: ৩ ঘণ্টায় ছক, জেলকর্মীদের ব্যস্ত রেখে পালিয়েছিলেন ১৭ বন্দি, ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার সকলেই
ঘটনার প্রতিবাদে গ্রাহকরা ব্যাঙ্কের শাখার সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পিএনবি কর্তৃপক্ষ টাকা উদ্ধারের আশ্বাস দিলেও তাঁদের সঞ্চয় ফেরত না পাওয়া পর্যন্ত উদ্বেগে রয়েছেন গ্রাহকরা।
Leave a Comment