মোদীর কটাক্ষের জবাব নাগপুরে, বারাণসীতেও ধাক্কা বিজেপির

By Suman Debnath

October 29, 2026 6:10 PM

মোদীর কটাক্ষের জবাব নাগপুরে, বারাণসীতেও ধাক্কা বিজেপির


চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনে ভোটের ফল প্রকাশ্যে আসতেই কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন তুলেছিলেন, ব্যালট পেপারে ভোট হলে কংগ্রেস কতগুলি আসন পেতে পারে ? এবার সেই কটাক্ষের জবাব দিল কংগ্রেস। মহারাষ্ট্রের নাগপুরে বিজেপিকে হারিয়ে আসন জিতল তারা। শুধু নাগপুরেই নয়, উত্তরপ্রদেশের বারাণসীতেও ধাক্কা খেয়েছে বিজেপি। তবে সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটকের বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের ফল আশানুরূপ নয়। বিশেষ করে কর্নাটকে ক্ষমতায় থেকেও কোনও আসন জিততে পারেনি তারা।

মহারাষ্ট্রের নাগপুর আসনের ফল ঘিরেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দপ্তর নাগপুরে। একই সঙ্গে এটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসেরও নিজের শহর। দীর্ঘ ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনার পর কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়াঞ্জারি ৩,২৭১ ভোটে বিজেপির সুধাকর কোহলেকে হারান। এই আসন থেকেই এক সময় বিধান পরিষদে প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। ফলে নাগপুরে বিজেপির হার রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:  সংশোধিত ফর্ম ৬-এর প্রসঙ্গই ওঠেনি আদালতে, জানাল প্রধান বিচারপতির বেঞ্চ

প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাবে কংগ্রেস নেতা পবন খেরা সমাজমাধ্যমে পাল্টা প্রশ্ন তোলেন, ‘নাগপুরে কে জিতেছে ?’ তাঁর বক্তব্য, ব্যালট পেপারে ভোটের ফল দেখিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নিজেরই পরাজয়ের কথা ভুলে গিয়েছে।

বুধবার মোদী পোস্টে লেখেন, ‘উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটক – চারটি বড় রাজ্যের ২৮টি আসনে এমএলসি নির্বাচন হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। কংগ্রেস ক’টি আসন জিতেছে বলে মনে করেন?’

উত্তরপ্রদেশেও বিজেপির জন্য অস্বস্তির কারণ বারাণসী। প্রধানমন্ত্রী মোদীর লোকসভা কেন্দ্র এই বারাণসী। সেখানে বিধান পরিষদের শিক্ষক আসনে সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব বিজেপির প্রার্থী প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন। স্নাতক আসনেও সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিং এগিয়ে থাকায় বিজেপির চাপ আরও বেড়েছে। রাজ্যের ১১টি আসনের মধ্যে বিজেপি ছ’টি এবং সমাজবাদী পার্টি পাঁচটি আসন পেয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  খামারবাড়িতে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তরপ্রদেশে ধৃত ২ পুলিশকর্মী ও ২ সিআরপিএফ জওয়ান

বিহারে আরজেডি পাটনা শিক্ষক আসনে জয় পেয়েছে। তিরহুত শিক্ষক আসনে জিতেছে বিজেপি। দারভাঙা আসনে জয়ী হয়ে বিধান পরিষদে প্রথমবার প্রবেশ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। অন্যদিকে, কর্নাটকে বিজেপি তিনটি এবং জেডিএস একটি আসন পেয়েছে। ক্ষমতায় থাকা কংগ্রেস সেখানে একটিও আসন জিততে পারেনি।

মহারাষ্ট্রে পাঁচটি আসনের মধ্যে কংগ্রেস নাগপুরে জয়ী হয়েছে। বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা একটি করে এবং শরদ পাওয়ারের এনসিপি দু’টি আসন পেয়েছে। ফলে সামগ্রিক ফল কংগ্রেসের পক্ষে খুব আশাব্যঞ্জক না হলেও নাগপুর ও বারাণসীর ফল বিজেপির কাছে রাজনৈতিক বার্তা বহন করছে।

এসআইআর বিতর্কের মধ্যেই ভোট চুরির অভিযোগে সরব ছিল কংগ্রেস। দাবি ছিল, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ বন্ধ রেখে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হোক৷ এই চারটি রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে ব্যালট পেপারেই ভোটগ্রহণ করা হয়েছে৷ সেখানেও কংগ্রেস শিবিরের এই পরাজয়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment