‘যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার’, কবিতা লিখলেন অগ্নিমিত্রা

By Suman Debnath

October 28, 2026 12:10 PM

‘যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার’, কবিতা লিখলেন অগ্নিমিত্রা


রাজ্যে একইদিনে পরপর দুটি এনকাউন্টার ঘটেছে। আর সেই এনকাউন্টারকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পক্ষে-বিপক্ষে মতামত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই আবহে এবার কবিতার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এনকাউন্টার এবং অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে যখন নানা কথা চলছে তখনই তাঁর কবিতা নতুন করে আলোচনায় উঠে এল। মঙ্গলবার গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তকে পুলিশ এনকাউন্টারে মেরেছে। ওইদিনই মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা খুনে অভিযুক্তও এনকাউন্টারে মারা গিয়েছে। ‘আইন হাতে তুলে নিলে পুলিশ দাঁড়িয়ে দেখবে না’ সেটা জোড়া এনকাউন্টার নিয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে এমন অপরাধ নিয়ে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে সেটা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর মুখ থেকেই শোনা গিয়েছিল, সকালে জমা বিকেলে খরচের মতো নিদান। এমন অপরাধের ক্ষেত্রে তাই এই এনকাউন্টারগুলিকে রাজ্যবাসী সমর্থনও করছেন। এমনকী মৃতদের পরিবারের সদস্যরাও সমর্থন করেছেন। আইনের শাসন চলছে বাংলায় সেটা স্পষ্টভাষায় জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার এনকাউন্টার বিষয়ে নিজের বক্তব্য কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সমাজমাধ্যমে সেই কবিতা পোস্ট করেছেন আসানসোলের বিধায়িকা।

আরও পড়ুন:  চোরবাগান-কাণ্ড থেকে শিক্ষা, বড়মার মন্দিরে আগাম সতর্ক পুলিশ! কালীপুজোর ভিড় সামলাতে পরিদর্শনে কমিশনার

অন্যদিকে এই কবিতা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কী লিখেছেন আসানসোলের বিধায়িকা? অগ্নিমিত্রা পাল লিখেছেন, ‘অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।’ এভাবেই তিনি অপরাধকে থামিয়ে ভয়ের অন্ধকারকে দূরে সরিয়ে মানুষের বেঁচে থাকার পক্ষে সওয়াল করেছেন। পুলিশের হাতে মানুষের নিরাপত্তার ভার রয়েছে। তাই অপরাধ রুখতে সেই হাত বারবার কাজ করুক কবিতার মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। যদিও দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তাছাড়া শুভেন্দু অধিকারীর শাসনকালে এটা তিন নম্বর এনকাউন্টার। গতকাল যে দুটি এনকাউন্টার ঘটেছে তার আগে বারুইপুরেও এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। তবে তিনটি অপরাধই সাংঘাতিক। এইসব নিয়ে অগ্নিমিত্রা পালের কবিতায় উঠে এসেছে, ‘তবু সাহসের মূল্য কম নয়, মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে। অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।’ এই কবিতা থেকে স্পষ্ট, রাজ্যে শান্তি ফিরুক এবং নিরাপত্তায় আপস করা হবে না।

আরও পড়ুন:  বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ‘গাফিলতি’ বরদাস্ত নয়! কড়া বার্তা হাইকোর্টের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment