অরুণাচল প্রদেশের একাংশ চিন দখল করে নিয়েছে বলে কংগ্রেসের তরফে যে দাবি তোলা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিল ভারতীয় সেনা। এই ঘটনার জেরে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেণ রিজিজু। দেশের সেনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার জন্য কংগ্রেসকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি দাবি তুলেছেন।
মঙ্গলবার বিহার কংগ্রেসের মুখপাত্র ঋতু চৌধুরি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, অরুণাচল প্রদেশের একটি এলাকা দখল করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে চিনা গাড়ি।পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় জওয়ানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলেও কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়। কিন্তু সেনার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি আদতে সিকিমের নাথু লা পাস সংলগ্ন ভারত-চিন সীমান্ত বাণিজ্য কেন্দ্রের। সেখানে বৈধভাবেই দুই দেশের ব্যবসায়ীরা গাড়ি নিয়ে যাতায়াত করেন। ওই ঘটনাকেই ভুলভাবে চিনা দখলদারি হিসেবে তুলে ধরা হয়েছে।
সেনার তরফে আরও জানানো হয়েছে, অপর একটি ভাইরাল ভিডিও আসলে ডিপফেক প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে। ২০২৩ সালের ২৭ অক্টোবর জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের বিষয়ে এক সেনাকর্তার সাংবাদিক বৈঠকের ফুটেজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পালটে নেটদুনিয়ায় ছড়ানো হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিরেণ রিজিজু কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বিকৃত ভিডিও বানিয়ে কংগ্রেস ভারতের শত্রুদের মতোই সেনার ভাবমূর্তিতে কালি ছেটানোর চেষ্টা করছে। যদিও এই বিতর্কের বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অরুণাচলে চিনা দখলের দাবি ওড়াল সেনা, ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে কংগ্রেসকে তোপ রিজিজুর
October 27, 2026 10:11 PM
Related Stories
No comments to show.
Leave a Comment