ভারত-সহ চার দেশের ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

By Suman Debnath

October 27, 2026 6:10 PM

ভারত-সহ চার দেশের ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের


ভারত-সহ চার দেশের প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-তে বিপুল বিনিয়োগের পাশাপাশি খরচ কমানো এবং কর্মী কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এই ‘ভলান্টারি বাইআউট’ কর্মসূচি চালু করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। মাইক্রোসফটের মোট কর্মীসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি এই কর্মসূচির আওতায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডার নির্দিষ্ট কিছু বিভাগের লেভেল ৭০ বা তার অধস্তন পর্যায়ের যোগ্য কর্মীরা এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য চালু করা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যোগ্য কর্মীদের কাছে প্রস্তাবের বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট।

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস-সহ একাধিক বিভাগের কর্মীরা এই কর্মসূচির আওতায় পড়তে পারেন। তবে মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস এবং সিকিওরিটি বিভাগের কর্মীদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন:  গাজায় বড় মোড়! হামাসের সম্পূর্ণ অস্ত্রত্যাগে সম্মতি, সেনা সরাবে ইজরায়েল—ঐতিহাসিক সমঝোতার দাবি ট্রাম্পের

মাইক্রোসফটের চিফ পিপল্ অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো বার্তায় জানিয়েছেন, যাঁরা সংস্থার বাইরে নিজেদের ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন, তাঁদের জন্য এই প্রস্তাব একটি নতুন সুযোগ তৈরি করবে। প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাঁরা স্বেচ্ছায় সংস্থা ছাড়তে পারবেন। একইসঙ্গে এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলি পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের কর্মী কাঠামো পুনর্গঠন করতে পারবে।

স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবের সঙ্গে কর্মীদের জন্য আর্থিক সুবিধার ব্যবস্থাও রয়েছে। ক্ষতিপূরণ, সংস্থার শেয়ার ধরে রাখার সুযোগ এবং স্বাস্থ্যবিমার মতো সুবিধে দেওয়া হতে পারে। তবে কর্মীর পদমর্যাদা, কর্মস্থল এবং চাকরির মেয়াদের ভিত্তিতে প্যাকেজের শর্তে পরিবর্তন থাকবে। কিছু কর্মী প্রতি ছ’মাসের চাকরির জন্য কয়েক সপ্তাহের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন। আবার কিছু কর্মীর ক্ষেত্রে এক বছরের বেতনের সমপরিমাণ আর্থিক প্যাকেজও থাকতে পারে।

আরও পড়ুন:  প্রথমবার নিউজিল্যান্ড সফরে মোদী, বড় ঘোষণা ক্রিস্টোফার লাক্সনের, নতুন সম্ভাবনা!

মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-এর ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে সংস্থাটিতে ২ লক্ষ ২৩ হাজার পূর্ণ সময়ের কর্মী ছিলেন। সেই হিসাবে প্রায় ৬০ হাজার কর্মীকে নিয়ে এই কর্মসূচি সংস্থার কর্মী কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। এর আগে আমেরিকায় কর্মরত প্রায় ৭ শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। জুলাইয়ে আবার প্রায় ৪,৮০০টি পদ বিলুপ্ত করার পরিকল্পনা ঘোষণা করা হয়। এদিকে, এআই পরিকাঠামোয় বিনিয়োগও বাড়িয়ে চলেছে মাইক্রোসফট। ২০২৬-এর জন্য সংস্থাটির মূলধনী ব্যয়ের পূর্বাভাস ১৭৫ বিলিয়ন ডলার।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment