আইআইটি বম্বে চত্বরে ঢুকে বিক্ষোভকারী পড়ুয়াদের পেটাল পুলিশ, জাতবৈষম্যের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

By Suman Debnath

October 19, 2026 10:03 PM

আইআইটি বম্বে চত্বরে ঢুকে বিক্ষোভকারী পড়ুয়াদের পেটাল পুলিশ, জাতবৈষম্যের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

দলিত ছাত্র সাহিল ওয়াগড়ের আত্মহত্যার ঘটনায় সুবিচারের দাবিতে এবং ক্যাম্পাসে জাতবৈষম্য বন্ধের দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে আইআইটি বম্বেতে। এবার সেই বিক্ষোভে চরম বলপ্রয়োগের অভিযোগ উঠল মুম্বই পুলিশের বিরুদ্ধে। রবিবার আইআইটি বম্বে চত্বরে ঢুকে অবস্থানরত পড়ুয়াদের বেধড়ক মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মহিলা শিক্ষার্থীদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।

এক ছাত্রী জানান, তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এবং মহিলা পড়ুয়াদের অশালীনভাবে স্পর্শ করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, পড়ুয়াদের দাবি মানতে নারাজ হয়ে আইআইটি কর্তৃপক্ষই পুলিশ ডেকে এই বর্বর হামলা চালিয়েছে।
গত মাসে আইআইটি বম্বের বি-টেকের দলিত ছাত্র সাহিল পরীক্ষা চলাকালীন অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লার নির্দেশে পরীক্ষার হল ছাড়তে বাধ্য হন এবং এরপরই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। সাহিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন বলে আইআইটি কর্তৃপক্ষ প্রাথমিক দাবি করলেও, পরবর্তীতে সেই বয়ান প্রত্যাহার করে তারা ক্ষমা চায়।সাহিলের পরিবারের তরফে ওই অধ্যাপকের বিরুদ্ধে জাতবৈষম্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনার পর থেকেই অধ্যাপক ডুল্লার বরখাস্ত, মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, অধ্যাপকদের জন্য নির্দিষ্ট আচরণবিধি প্রণয়ন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরিকাঠামোর সংস্কার এবং বিভিন্ন কমিটিতে পড়ুয়াদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিতে ক্যাম্পাসের মূল গেটে টানা আন্দোলন চালাচ্ছিলেন শিক্ষার্থীরা। অভিযোগ, রবিবার পুলিশ দু’দফায় চত্বরে ঢুকে সকালে আট জনকে আটক করে পরে ছেড়ে দেয় এবং বিকেলে বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি কে দিয়েছিল এবং মৃত্যুর ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আইআইটি কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন:  শীতকালীন বায়ু দূষণ মোকাবিলায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা দিল্লির, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, বাড়ি থেকে কাজ এবং নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment