টেট-২ উত্তীর্ণ ৭৩৬ প্রার্থীর দ্রুত নিয়োগের দাবি, শিক্ষাভবনে ডেপুটেশন

By Suman Debnath

October 15, 2026 3:09 PM

টেট-২ উত্তীর্ণ ৭৩৬ প্রার্থীর দ্রুত নিয়োগের দাবি, শিক্ষাভবনে ডেপুটেশন

আগরতলা, ১৫ অক্টোবর: টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগপত্র না পাওয়া ৭৩৬ জন চাকরিপ্রার্থীর দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষাভবনে ডেপুটেশন দিলেন বঞ্চিত প্রার্থীরা। একই পরীক্ষায় উত্তীর্ণ ১,৫০২ জনের মধ্যে ইতিমধ্যেই ৭৬৬ জনকে নিয়োগের অফার দেওয়া হলেও বাকি ৭৩৬ জন এখনও অপেক্ষায় রয়েছেন বলে দাবি প্রার্থীদের। এই পরিস্থিতিতে তাঁদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা।

ডেপুটেশন প্রদানকারী প্রার্থীদের বক্তব্য, ২০২৪ সালে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৫ সালে অনুষ্ঠিত টেট-২ পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরীক্ষায় সফল হওয়ার পর প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়াও সম্পন্ন করেছেন। তা সত্ত্বেও একই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশ নিয়োগের অফার পেলেও বাকিরা এখনও তা পাননি বলে অভিযোগ।

প্রার্থীদের দাবি, ২০১৫ সালের পর থেকে রাজ্যে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের নজির রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীর নিয়োগ সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:  মনুবাজারে বাস ওনার্স শাখার দ্বি-বার্ষিক সম্মেলন, গঠিত নতুন কমিটি!

ডেপুটেশন দিতে আসা এক প্রার্থী জানান, একই পরীক্ষায় অংশগ্রহণ, উত্তীর্ণ হওয়া এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পরও তাঁদের একাংশ নিয়োগের অফার পেয়েছেন, অথচ বাকিরা এখনও অপেক্ষা করছেন। এর ফলে সামাজিকভাবেও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। পরিচিতজন ও বন্ধুবান্ধবদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কেন তাঁরা এখনও নিয়োগের সুযোগ পাননি?

প্রার্থীরা আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি তাঁদের আস্থা রয়েছে। তাঁদের আশা, রাজ্য সরকার বাকি ৭৩৬ জনের নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কোনও ধরনের বিভাজন না রেখে সমস্ত উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনারও আবেদন জানিয়েছেন তাঁরা।

এদিকে, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে টেট পরীক্ষা এবং ২০২৭ সালের জানুয়ারিতে আরও একটি টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের। তাঁদের বক্তব্য, বর্তমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিষয়টি নিষ্পত্তি না করে নতুন করে পরীক্ষা ও নিয়োগের প্রক্রিয়া এগিয়ে গেলে তাঁদের অনিশ্চয়তা আরও বাড়বে। তাই নতুন পরীক্ষার আগে বর্তমান উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:  কীর্তি আজাদ ভারতে বিদ্রোহীদের একীভূত হওয়ার মধ্যে TMC-এর বৈধতা রক্ষা করেছেন

প্রার্থীদের আবেদন, তাঁদের সংখ্যা মাত্র ৭৩৬ জন। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় নথি যাচাই সম্পন্ন করার পরও তাঁরা এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করে তাঁদের চাকরির ব্যবস্থা করবে বলে আশাবাদী বঞ্চিত টেট-২ উত্তীর্ণ প্রার্থীরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment