আগরতলা, ২ অক্টোবর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আগরতলা জিআরপিএস। বুধবার, ১ অক্টোবর ২০২৬ বিকেল প্রায় ৫টা নাগাদ আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আগরতলা জিআরপিএস-এর পুলিশকর্মীরা রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। ধৃত যুবকের নাম গৌতম পাল (৩০)। তার বাবার নাম অজিত পাল। তিনি অসমের হোজাই জেলার লামডিং থানার অন্তর্গত নগরপাড়া, পূর্ব লামডিং এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ২৫.৯৫ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনটি শপ কেসের মধ্যে কৌশলে হেরোইন লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়াও তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি আধার কার্ড এবং একটি কালো রঙের কাঁধে বহনযোগ্য ব্যাগ উদ্ধার করা হয়েছে।
আগরতলা রেলস্টেশন পুলিশের আধিকারিক রাজু ভৌমিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক পুলিশকে জানিয়েছে, লামডিং শহর থেকে ট্রেনযোগে হেরোইন ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল। এরপর অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং ধৃত যুবককে আদালতে পেশ করা হবে।
এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP072 নম্বর মামলা রুজু করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে NDPS আইনের ২১(বি)/২৯ ধারায় মামলা করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে আগরতলা জিআরপিএস পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment