বিশালগড়, ২৮ সেপ্টেম্বর: বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ওই মোবাইল ফোনে চুরি হওয়া সোনার গয়নার ছবি ও ভিডিও থাকার তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে নেতাজিনগর এলাকার বাসিন্দা শেফালী দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে বিশালগড় থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার দুপুরে ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পেশ করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাবুল দাস জানান, চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে থাকা মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি, চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের ছবি ও ভিডিও খতিয়ে দেখে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত ও তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাঁচজনের গ্রেফতারের পর এই চুরি-কাণ্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment