শহরের একাধিক রাস্তার অবস্থা খারাপ। রাস্তা খারাপ নিয়ে পুজো উদ্যোক্তাদের অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তারা অভিযোগ জানান। এবার সেইসব খারাপ রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছে পুরসভা ও পুলিশ। শহরের অন্তত ৫০০ রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শহরের খারাপ রাস্তা সারানোর বিষয়ে শুক্রবার নজরুল মঞ্চে পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ কমিশনার অজয় নন্দা বৈঠক করেন। এদিন বৈঠকে লালবাজার, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার উদ্যোক্তাদের জানিয়েছেন, আইনসম্মতভাবে চাঁদা তুলতে হবে। বিদ্যুৎ ও অগ্নিসুরক্ষা, ট্রাফিক সংক্রান্ত বিষয় ও মণ্ডপের কাঠামোর বিষয়ে নজর দিতে হবে।
শুধু তাই নয়, নিরাপত্তার জন্য উদ্যোক্তাদের সিসিটিভি বসাতে হবে। পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি বসিয়েছে। দরকার পড়লে আরও বসাবে বলেও জানা গিয়েছে। বৃদ্ধ, শিশু ও নিখোঁজদের জন্যও বুথ তৈরি করতে হবে। মণ্ডপের চারপাশে প্রচুর পরিমাণে আলোও রাখতে হবে। মূলত কোনও সমস্যা হওয়ার আগেই যাতে তা দ্রুত মেটানো যায়, তার জন্য পুজো কমিটিগুলিকে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
আরও পড়ুন: মহালয়াতে দুর্গাপুজো হবে প্রকৃত অর্থে সর্বজনীন, বিদেশে বসে দেখা যাবে ইডেনের অনুষ্ঠান
লালবাজার জানিয়েছে, ২০-২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ২৬-২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর বিসর্জন হবে। ২৮ অক্টোবর থেকে পুজোমণ্ডপগুলিতে পরিদর্শন চলবে। মণ্ডপে সাইবার কিয়স্ক থাকছে। ওয়ান উইন্ডো সহজ দুর্গা পোর্টালে ৩ হাজার ২৪টি পুজো কমিটি এখনও পর্যন্ত আবেদন জানিয়েছে। সেখানে আরও বেশ কিছু কমিটি আবেদন জানাতে পারবে। পুলিশ সেরা পুজোর পুরস্কার দেবে।
Leave a Comment