---Advertisement---

‘সরকারের থেকে জমি নিয়ে শিল্প করেননি সেসব ফেরত নেওয়া হবে’, কড়া বার্তা দিলীপের

By Suman Debnath

September 24, 2026 11:15 AM

‘সরকারের থেকে জমি নিয়ে শিল্প করেননি সেসব ফেরত নেওয়া হবে’, কড়া বার্তা দিলীপের

---Advertisement---


শিল্পের জন্য জমি নিয়েছেন। অথচ সেই জমিতে শিল্প করেননি। বরং তা ফেলে রাখা হয়েছে। এমন সব জমি এবার ফেরত নেবে রাজ্য সরকার। যেসব শিল্পপতিরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিল্প গড়ে তুলতে পারেননি তাঁদের আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বৃহস্পতিবার গৌতম আদানি এসেছেন। আর এদিনই আরও একবার সেইসব শিল্পপতিদের সতর্ক করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, যেসব শিল্পপতিরা জমি নিয়েও শিল্প গড়ে তুলতে পারেননি তাঁদের জমি ফেরত নিয়ে নেবে রাজ্য সরকার।

এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পদ্মফুল ছাপ বাল্ব বিতরণ করলেন মন্ত্রী। দুর্গাপুজোর সময় যাতে সবার ঘরে পদ্মফুল ছাপ বাল্ব জ্বালানো সম্ভব হয় তার জন্যই তিনি এই বাল্ব বিতরণ করলেন। আর একাধিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরও দেন পঞ্চায়েতমন্ত্রী। লক্ষ্মীবারে শিল্পপতি গৌতম আদানি রাজ্যে এসেছেন। সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। এই রাজ্যে হাসপাতাল গড়ে তুলবেন তিনি। তবে দিলীপ ঘোষ বলেন, ‘শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন সময়সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল। কিন্তু তা করেননি। সেই সকল জমি ফেরত নেওয়া হবে। গৌতম আদানি আগেও পশ্চিমবঙ্গে এসেছেন। বেঙ্গল সামিটেও তিনি উপস্থিত থাকতেন। কিন্তু রাজ্যে বিনিয়োগ করেননি। আগের সরকারের প্রতি শিল্পপতিদের আস্থা ছিল না।’

আদানির বিরুদ্ধে একদিকে আন্দোলন এবং তাঁকেই ডেকে আনার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন পঞ্চায়েতমন্ত্রী। এখানেই দিলীপ ঘোষের বার্তা, ‘আগামী দিনে যাঁরা শিল্পের জন্য জমি নেবেন, তাঁদের তিন বছরের মধ্যে কারখানা গড়ে তুলতে হবে। গৌতম আদানি এর আগেও রাজ্যে এসেছেন। বেঙ্গল সামিটে থাকতেন। কিন্তু তিনি ইনভেস্ট করেননি। কারণ আগের সরকারের ওপর ভরসা ছিল না। একদিকে আদানি বিরুদ্ধে আন্দোলন করতেন পার্লামেন্টে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ‘গৌতমজি’, ‘গৌতমজি’ বলে ডেকে নিয়ে আসতেন। এই যে ডুপ্লিসিটি ছিল। তাই কেউ বিশ্বাস করতেন না। এখন দেশের বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। সরকার তাঁদের জমি-সহ নানা সুবিধা দেওয়ার কথা বলছে। শিল্পপতি এবং তাঁদের প্রতিনিধিরা রাজ্যে আসছেন। আগামী দিনে আরও বহু শিল্পপতি বাংলায় এসে শিল্প শুরু করবেন।’

তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও কথা বলেছেন তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বার্তা দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। এমনকী জ্ঞানেশ কুমারকে নিয়ে দেশজুড়ে যে বিতর্ক চলছে তা নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। দিলীপ ঘোষের কথায়, ‘বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প চাইলেও তৎকালীন দলের নীতির সঙ্গে তাঁর অবস্থানের সংঘাত ছিল। আর সরকারি কর্মচারীদের বকেয়া পাওনা তাঁদের অধিকার। রাজ্য সরকার সেই টাকা দেওয়ার ক্ষমতা রাখে। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কথা দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীরা তাঁদের কাজ করছেন। তাতে আমার আপত্তি নেই। সরকার উন্নয়নের কাজে ব্যস্ত রয়েছে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment