গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা নিয়ে এবার কড়া বার্তা কলকাতা হাই কোর্টের। পর্যাপ্ত তথ্য ও ভিত্তি ছাড়া জনস্বার্থ মামলা দায়ের হলে ভবিষ্যতে মামলাকারীকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে বলে জানাল আদালত। বুধবার পর পর কয়েকটি জনস্বার্থ মামলা খারিজ করে প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ, জনস্বার্থ মামলা দায়েরের নির্দিষ্ট নিয়ম রয়েছে। যে কোনও বিষয়কে সামনে রেখে ইচ্ছেমতো PIL দায়ের করা যায় না। পর্যাপ্ত তথ্য ছাড়া এই ধরনের মামলা দায়ের হলে জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।
এই প্রসঙ্গেই আদালত জানায়, এ ধরনের মামলা নিয়ে ভবিষ্যতে কঠোর অবস্থান নিতে হতে পারে। প্রধান বিচারপতির বক্তব্য, “এই ধরনের মামলায় আদালত জরিমানা করতে বাধ্য হবে।” সেই জরিমানার অর্থ বার লাইব্রেরিতে বই কেনার কাজে ব্যবহার করার কথাও জানান তিনি।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির বার্তা, জনস্বার্থ মামলা আদালতে শুনতে হলে তার যথেষ্ট ভিত্তি ও তথ্য থাকা জরুরি। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের মামলা নিয়ে আদালতের সময় নষ্ট হলে তার দায়ও নিতে হবে।
এক আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতির প্রশ্ন, “কেন এই ধরনের মামলার পিছনে দৌড়চ্ছেন? কেন সময় নষ্ট করছেন?” এরপরই তাঁর পরামর্শ, ওই সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের জন্য ব্যয় করা উচিত। “নিজের স্বপ্নের পিছনে দৌড়ান,” মন্তব্য প্রধান বিচারপতির।
আদালতের এ দিনের পর্যবেক্ষণে স্পষ্ট, জনস্বার্থ মামলার নামে ভিত্তিহীন বা পর্যাপ্ত তথ্যবিহীন মামলা দায়েরের প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে জরিমানার পথেও হাঁটতে পারে আদালত।
Leave a Comment