বরানগরে তরুণীকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বেধড়ক মারধরের ঘটনা। প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন চার যুবক। অভিযোগ, বাঁশ, লোহার রড এবং ক্রিকেট ব্যাট দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় তিনজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে এলাকার এক মহিলার সঙ্গে কথা বলছিলেন এক তরুণী। সেই সময় এক যুবক পিছন থেকে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন তরুণী। তাঁর আওয়াজ শুনে আশপাশের কয়েকজন যুবক সেখানে পৌঁছে ওই যুবকের আচরণের প্রতিবাদ করেন।
অভিযোগ, সেখান থেকেই পরিস্থিতি বদলে যায়। প্রতিবাদকারীদের সঙ্গে বচসার পর অভিযুক্ত যুবক আরও কয়েকজনকে সেখানে ডেকে আনে বলে অভিযোগ। এরপর দলবল নিয়ে চার যুবকের উপর হামলা চালানো হয়। তাঁদের এলোপাথাড়ি মারধর করা হয় বাঁশ, রড এবং ক্রিকেট ব্যাট দিয়ে। হামলায় চারজনই জখম হন।
আহতদের দ্রুত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও শুভজিৎ কর্মকারের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাথায় গুরুতর চোট রয়েছে তাঁর।
ঘটনার বিবরণ দিতে গিয়ে শুভজিতের দাবি, প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের উপর হামলা চালায়। অন্যদিকে, আক্রান্ত তরুণীর অভিযোগ, পিছন থেকে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। তিনি প্রতিবাদ করলে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসা যুবকদেরও মারধর করা হয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। হামলায় অভিযুক্তদের তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিজেপির বরানগর ২ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় অধিকারী দাবি করেন, আক্রান্ত তরুণী তাঁদের দলের সক্রিয় কর্মী। তাঁর বক্তব্য, পুলিশি তদন্তের উপর তাঁরা আস্থা রাখছেন।
শনিবার বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় শুভঙ্কর দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। ঠিক কী কারণে হামলার সূত্রপাত এবং ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।









Leave a Comment