---Advertisement---

টিকিট নেই, টিটিইর সঙ্গে বচসা! আচমকাই নিজের পোশাক ছিঁড়ে ‘নাটক’, ভাইরাল ভিডিওতেই ফাঁস তরুণী

By Suman Debnath

September 20, 2026 4:30 PM

টিকিট নেই, টিটিইর সঙ্গে বচসা! আচমকাই নিজের পোশাক ছিঁড়ে ‘নাটক’, ভাইরাল ভিডিওতেই ফাঁস তরুণী

---Advertisement---


টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা। টিকিট পরীক্ষককে জরিমানা দিতে বলতেই শুরু বচসা। অভিযোগ, একপর্যায়ে নিজের পোশাক নিজেই ছিঁড়ে ফেলে রেলকর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলার চেষ্টা করেন এক তরুণী। কিন্তু গোটা ঘটনার ভিডিও করে রেখেছিলেন এক সহযাত্রী। সেই ভিডিয়োই পরে সামনে আসায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। দানাপুর-সিকন্দ্রাবাদ এক্সপ্রেসের এই ঘটনার ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ট্রেনটির দ্বিতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় টিকিট পরীক্ষা করছিলেন রেলকর্মীরা। সেখানেই একটি শিশুকে সঙ্গে নিয়ে বসেছিলেন ওই তরুণী। টিকিট দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর তাঁকে কামরা ছেড়ে যেতে বলা হয়।

অভিযোগ, সেখান থেকে সরে গিয়ে তরুণী তৃতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় গিয়ে বসেন। টিকিট পরীক্ষকরাও সেখানে পৌঁছন। বৈধ টিকিট কাটার জন্য তাঁকে বলা হয়। কিন্তু তরুণী টিকিট কাটার পরিবর্তে রেলকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

এই সময় পাশের এক যাত্রী পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, তরুণী দাবি করছেন, তিনি টাকার বিনিময়ে টিকিট কাটতে প্রস্তুত। অন্য দিকে রেলকর্মীরা তাঁকে জানান, নিয়ম মেনে বৈধ টিকিট ছাড়া যাত্রা করা সম্ভব নয়।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর তরুণী রেলকর্মীদের হুমকি দেন বলেও অভিযোগ। নিজেকে রেলকর্মীর আত্মীয় বলে দাবি করার পাশাপাশি টিটিই-কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছিলেন বলেও ভিডিও থেকে জানা যায়।

এর পরই ঘটে নাটকীয় ঘটনা। অভিযোগ, আচমকা নিজের পোশাক নিজেই ছিঁড়ে ফেলেন ওই তরুণী। শুরু করেন চিৎকার ও গালিগালাজ। তাঁর এই আচরণে কামরায় উত্তেজনা তৈরি হয়।

এদিকে, বিকেল নাগাদ ট্রেনটি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছয়। আগেই রেল নিয়ন্ত্রণকক্ষ থেকে বার্তা পৌঁছে যাওয়ায় সেখানে প্রস্তুত ছিল রেল সুরক্ষা বাহিনীর মহিলা কর্মীদের একটি দল। ট্রেন থেকে তরুণীকে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

সেই সময় ঘটনাটি রেকর্ড করা সহযাত্রী ভিডিওটি রেলকর্মী এবং রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকদের দেখান। ভিডিওতে পোশাক ছেঁড়ার ঘটনাটি কী ভাবে ঘটেছিল, তার ছবি স্পষ্ট ছিল বলে রেল সূত্রে দাবি।

রেলের এক আধিকারিক এস কে ভার্মা জানান, ওই ভিডিওটি না থাকলে টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ওঠার আশঙ্কা ছিল। পরে তরুণীর পরিচয় রাধিকা তিওয়ারি বলে জানা যায়। রেল সূত্রে খবর, নিয়ম অনুযায়ী জরিমানা এবং নতুন টিকিটের ব্যবস্থা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment