কমলপুর: নাকা চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুরে। গাড়ি থেকে মোট ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে কমলপুর থানার পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল। কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার ওসি সুমন আচার্যের যৌথ নেতৃত্বে চলছিল এই তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি প্রাইভেট বোলেরো গাড়ি পুলিশের সন্দেহের নজরে আসে। গাড়িটির নম্বর TR 01 CD 0692। এরপর গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে তার ভিতর থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়।
ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—মুক্তার হোসেন, জসিম মিয়া, কবির মিয়া, লিটন মিয়া এবং রবীন্দ্র দাস। তাঁদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের টাকা। তবে পুলিশের প্রাথমিক তদন্তে তাঁদের বক্তব্যে কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গেছে। টাকার উৎস এবং লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে অসামঞ্জস্য থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, এসডিপিও সৌরভ দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা।
এই বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস কী, কার কাছ থেকে এই টাকা এসেছে এবং এর সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নগদ টাকা এবং আটক পাঁচজনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে টাকার প্রকৃত উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।









Leave a Comment