বাইরে থেকে ঝকঝকে সাজানো ক্যাফে। কাঠের কাউন্টার, মার্বেল-টপ টেবিল, পুরনো দিনের পরিবেশ। অথচ রান্নাঘরে ঢুকতেই সম্পূর্ণ অন্য ছবি। খাবার রাখার জায়গার পাশেই শৌচাগার, চারদিকে আরশোলা-মাছি, অপরিষ্কার মেঝেতে রাখা খাবার। ফ্রিজের ভিতরে কাঁচা নিরামিষ ও আমিষ খাবারের সঙ্গে মিলেছে রক্তমাখা মাংস। এই অভিযোগে মুম্বাইয়ের ১০৮ বছরের পুরনো ‘অলিম্পিয়া কফি হাউস’-এর ফুড লাইসেন্স সাসপেন্ড করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ।
কোলাবার এই ঐতিহ্যবাহী ক্যাফেটি সম্প্রতি আরও এক কারণে আলোচনায় এসেছিল। সেখানে খেতে দেখা গিয়েছিল হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান, অভিনেতা ম্যাট ডেমন ও টম হল্যান্ডকে। তাঁদের পাতে ছিল বান মাস্কাও। সেই ক্যাফেতেই এবার খাদ্য সুরক্ষা বিধি না মানার অভিযোগ উঠল। কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আচমকা পরিদর্শনে যান এফডিএ-র আধিকারিকরা।
পরিদর্শনের পর এফডিএ জানায়, খাবার মজুত রাখার জায়গার পাশেই তৈরি করা হয়েছে ইউরিনাল বা শৌচাগার। রান্নাঘর ও গুদামে ছিল আরশোলা এবং মাছির উপদ্রব। ফ্রিজের ভিতরে রক্তমাখা মাংসও পাওয়া যায়। কিছু খাবার সরাসরি মেঝেতে রেখে কাজ চলছিল। খাবার তৈরি ও বাসন ধোয়ার জায়গায় অপরিষ্কার জল ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। জল পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট এবং স্যানিটেশন রেকর্ডও পাওয়া যায়নি বলে জানিয়েছে এফডিএ।
অপরিচ্ছন্নতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। এফডিএর রিপোর্ট অনুযায়ী, ক্যাফের ৩৫ জন ফুড হ্যান্ডলারের মধ্যে ৩৪ জনই বাধ্যতামূলক খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ নেননি। এই সব অনিয়মের জেরে খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ত্রুটি সংশোধন করে ফের পরিদর্শনের পর অনুমতি না পাওয়া পর্যন্ত খাবার কেনাবেচা বা পরিবেশন বন্ধ থাকবে।
অলিম্পিয়া ছাড়াও মুম্বাই সেন্ট্রালের নায়ার হাসপাতালের ক্যান্টিনেও অভিযান চালিয়ে লাইসেন্স সাসপেন্ড করেছে এফডিএ। শুধু মুম্বাই নয়, উৎসবের মরসুমে গোটা মহারাষ্ট্রেই চলছে খাদ্য নিরাপত্তা অভিযান। রাজ্যজুড়ে ২৭টি খাদ্যবিপণি পরিদর্শন করে ১৪টির লাইসেন্স রদ করা হয়েছে বলে জানিয়েছে এফডিএ। এর পাশাপাশি ২,৮১৩ কেজি দুধ ও দুগ্ধজাত পণ্য, যার মূল্য প্রায় ৭.৩৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে। আরও প্রায় ৪.৬৬ লক্ষ টাকা মূল্যের ভেজাল বা নিম্নমানের খাবার বাজেয়াপ্ত হয়েছে।
আরও পড়ুন: ভেজালে ভরা স্বর্গোদ্বারের খাজা, সরকারি অভিযানে উঠে এল বিস্ফোরক তথ্য
১৯১৮ সালে প্রতিষ্ঠিত অলিম্পিয়া কফি হাউস মুম্বাইয়ের পুরনো ও পরিচিত খাবারের ঠিকানাগুলির অন্যতম। তবে এখন প্রশ্ন, স্বাস্থ্যবিধির এই অভিযোগগুলি মিটিয়ে কবে ফের গ্রাহকদের জন্য খুলবে এই ঐতিহ্যবাহী ক্যাফে।
Leave a Comment