আগরতলা: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব। এর পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচিও। এদিনের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ একটি সামাজিক প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে বহু বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। তিনি বলেন, এই সংস্থার সম্পর্কে মানুষ যখন অবগত হতে পেরেছে, তখন তারা একে স্বাগত জানিয়েছে। আগামী দিনে যুব সমাজকে এই সংস্থার প্রতি আরও বেশি আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি, কারণ তাতেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। সমাজ যে নৈতিকতার দায়িত্ব নিয়ে গড়ে উঠেছিল, তা ফিরিয়ে আনার দায়িত্বও এই সংস্থার বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সনাতন শব্দের অর্থ হলো যার সৃষ্টি কবে হয়েছে তা কারও জানা নেই। রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করার উপর জোর দিয়ে তিনি বলেন, রক্তদানে আগ্রহী হলে যুবসমাজ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়বে না, বরং তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি বাসক বন্ধু ব্রহ্মচারী এবং সংস্থার সর্বভারতীয় সম্পাদক বন্ধু গৌরব ব্রহ্মচারী সহ অন্যান্যরা।
Leave a Comment