দীর্ঘদিনের জমা জল সমস্যায় অতিষ্ঠ হয়ে পথে নামলেন এলাকাবাসী। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ৫০ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার ঘটনা। দিনের পর দিন জমে থাকা জলে নাকাল স্থানীয় বাসিন্দারা অবশেষে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
স্থানীয়দের অভিযোগ, দাসপাড়া এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই জল বেরোনোর কোনও স্থায়ী ব্যবস্থা না থাকায় দিনের পর দিন জমে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। জমা জলের কারণে যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাড়ছে মশা-মাছি ও রোগের আশঙ্কাও।
প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা না মেলায় এদিন ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁরা বেনারস রোডে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং স্থায়ীভাবে নিকাশি সমস্যার সমাধান করতে হবে। তাঁদের বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁরা আশাবাদী যে এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে।
এলাকাবাসীর হুঁশিয়ারি, অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
Leave a Comment